পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাকা অষ্টম শ্রেণির স্কুলছাত্র শেখ সিয়ামকে দ্রুত উদ্ধারের দাবিতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে তার সহপাঠী, শিক্ষক ও স্থানীয় এলাকাবাসী।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে বোদা বাসস্ট্যান্ড এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে প্রায় দুই ঘণ্টাব্যাপী এই অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি চলাকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবস্থান নিলে সড়কের দুই পাশে কয়েকশ যানবাহন আটকা পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লার যাত্রী ও চালকেরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ রুবেল, বোদা পৌরসভা বিএনপির সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিন্ময়, ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খাদেমুল ইসলাম এবং নিখোঁজ সিয়ামের বাবা মোঃ সল্লু ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা জানান, বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শেখ সিয়াম গত ১২ নভেম্বর সন্ধ্যায় কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। এরপর পাঁচ দিন অতিবাহিত হলেও পুলিশ প্রশাসন তাকে উদ্ধারে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখাতে পারেনি। প্রশাসনের এমন নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, ‘সাধারণ মানুষ ও কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করবে কে?’ আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিয়ামের সন্ধানে কার্যকর ও সন্তোষজনক পদক্ষেপ নেওয়া না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীসহ পাঁচ শতাধিক মানুষ এই কর্মসূচিতে অংশ নেন। পরে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল এবং বোদা পৌরসভা বিএনপির সদস্য সচিব দিলরেজা ফেরদৌস চিন্ময়ের দ্রুত উদ্ধারের আশ্বাস ও অনুরোধে অবরোধকারীরা সাময়িকভাবে কর্মসূচি প্রত্যাহার করে নেন। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
সাননিউজ/বান্না