ইসরায়েল পূর্ব জেরুজালেমে যুক্তরাজ্যের দূতাবাস বন্ধ করে দিলে পাল্টা পদক্ষেপ হিসেবে লন্ডনে থাকা ইসরায়েলি দূতাবাসের ২৭ কূটনীতিককে সপরিবারে বহিষ্কার করার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাজ্য।
ব্রিটিশ সরকারের এ সতর্কবার্তা লিখিতভাবে ইসরায়েলি কর্মকর্তাদের কাছে পৌঁছে দিয়েছেন দেশটিতে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সাইমন ওয়াল্টার্স।
পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাব্য রাজধানী হিসেবে বিবেচনা করা হয়। ১৯৬৭ সালের মধ্যপ্রাচ্য যুদ্ধের পর থেকে জেরুজালেমের পূর্ব অংশটি ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে।
গত সেপ্টেম্বরে পশ্চিম তীরে বসতি স্থাপনকারী ইহুদিদের লক্ষ্য করে বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য। পরে ইসরায়েল এসব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানায়। একই সঙ্গে পূর্ব জেরুজালেমে অবস্থিত যুক্তরাজ্যের দূতাবাস বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় তারা।
গত ৯ সেপ্টেম্বর ইসরায়েলি সরকারের এক বিবৃতিতে জানানো হয়, পূর্ব জেরুজালেমে ব্রিটিশ দূতাবাস বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ৮ অক্টোবর থেকে ওই নির্দেশ কার্যকর হওয়ার কথা। তবে যুক্তরাজ্য নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে দূতাবাস বন্ধের সিদ্ধান্তও প্রত্যাহার করা হবে বলে জানায় ইসরায়েল।
দূতাবাস বন্ধের নির্ধারিত সময়ের মাত্র দুই দিন আগে ইসরায়েলকে পাল্টা পদক্ষেপের সতর্কবার্তা দিল লন্ডন।
যুক্তরাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে, পূর্ব জেরুজালেমের দূতাবাসে বর্তমানে ২৭ জন ব্রিটিশ কূটনীতিক কর্মরত রয়েছেন। ইসরায়েল দূতাবাস বন্ধের সিদ্ধান্ত কার্যকর করলে লন্ডনে নিযুক্ত ইসরায়েলি কূটনীতিকদের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ব্রিটিশ সরকার।
সান নিউজ/ রাব্বি