রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছয়জন আহত হয়েছেন। গভর্নর আন্দ্রি ভোরোবিয়ভ জানিয়েছেন, স্থানীয় সময় রোববার মধ্যরাতে এ হামলা চালানো হয়।
গভর্নর বলেন, মস্কো অভিমুখে ছোড়া ইউক্রেনের ২৪৯টি ড্রোন ভূপাতিত করেছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। তবে কয়েকটি ড্রোন লক্ষ্যবস্তুতে আঘাত হানায় একাধিক আবাসিক ভবনে আগুন ধরে যায়। স্থানীয় একটি গুদামেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এদিকে মস্কো শহরের একটি তেল পরিশোধনাগারেও ড্রোন হামলার প্রভাব পড়েছে বলে জানিয়েছেন মেয়র সের্গেই সোবিয়ানিন। হামলার কারণে রাজধানীর দুটি বিমানবন্দরে বিমান চলাচল সীমিত করা হয়।
মস্কোর গভর্নর জানান, সোফিয়ানো এলাকায় ড্রোনের আঘাতে ৪৪ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। তার তিনতলা বাড়িতে ড্রোন আঘাত হানার পর একই ভবনে থাকা আরও পাঁচজন আহত হন। ওরেখোভো-জুয়েভো জেলাতেও ড্রোন হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মস্কোর আকাশে ড্রোন বিস্ফোরিত হতে দেখা গেছে। একটি গুদামে আগুন লাগার দৃশ্যও ভিডিওতে দেখা যায়।
মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানান, রাজধানীর একটি ভবন ও একটি তেল পরিশোধনাগারে ইউক্রেনীয় ড্রোন আঘাত হেনেছে। তিনি দাবি করেন, প্রায় ২৫০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে এবং হামলাটিকে নজিরবিহীন বলে উল্লেখ করেন।
এদিকে গতকাল শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভ ও পূর্বাঞ্চলীয় সামি শহরে রাশিয়ার হামলায় সাতজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে বলে জানা গেছে।
সাম্প্রতিক কয়েক দিনে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই জ্বালানি ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে পাল্টাপাল্টি হামলা চালিয়ে আসছে।
সান নিউজ/ রাব্বি