কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রচিতা রামের জন্মদিনের অনুষ্ঠানে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। ভক্তদের সঙ্গে ছবি তোলার সময় এক ব্যক্তি হঠাৎ অভিনেত্রীর গালে হাত দিয়ে টেনে ধরেন। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই ব্যক্তির আচরণের সমালোচনায় সরব হয়েছেন নেটিজেনরা।
গত ৩ অক্টোবর ৩৫তম জন্মদিন উপলক্ষে বেঙ্গালুরুর নিজ বাসভবনের বাইরে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে দেখা করতে আসেন রচিতা রাম। এ সময় হাসিমুখে অনুরাগীদের সঙ্গে ছবি তুলছিলেন তিনি।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি রচিতার সঙ্গে সেলফি তোলেন। ছবি তোলার পর সরে যাওয়ার সময় হঠাৎ অভিনেত্রীর গালে হাত দিয়ে টেনে ধরেন তিনি। আকস্মিক ঘটনায় কিছুটা বিস্মিত হয়ে পড়লেও দ্রুত নিজেকে সামলে নেন রচিতা। এরপর অন্য ভক্তদের সঙ্গেও স্বাভাবিকভাবে ছবি তুলতে থাকেন তিনি।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মন্তব্য করেছেন, তারকা হলেও একজন নারীর ব্যক্তিগত পরিসর ও সম্মতির প্রতি সবার সম্মান দেখানো উচিত। অনুমতি ছাড়া এভাবে কাউকে স্পর্শ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলেও মত দিয়েছেন অনেকে।
একই সঙ্গে পরিস্থিতি সামলে পেশাদারিত্ব বজায় রাখায় রচিতার প্রশংসাও করেছেন তার ভক্তরা।
এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। কন্নড় চলচ্চিত্রে নিয়মিত কাজের পাশাপাশি তামিল ইন্ডাস্ট্রিতেও নিজের অবস্থান তৈরি করছেন তিনি। তার হাতে রয়েছে ‘ক্রিমিনাল’, ‘দালি’ ও ‘শাবরি সার্চিং ফর রাবণ’-এর মতো কয়েকটি প্রতীক্ষিত সিনেমা।
জন্মদিনে নতুন একটি নারীপ্রধান সিনেমায় অভিনয়ের ইঙ্গিতও দিয়েছেন রচিতা। সিনেমাটির আনুষ্ঠানিক ঘোষণা শিগগিরই আসতে পারে বলে জানা গেছে।
সান নিউজ/ রাব্বি