সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চার বছরের বৈবাহিক সম্পর্কের ইতি ঘটেছে। দীর্ঘ দশ বছরের সম্পর্কের পর তাঁরা দুজনে মিলে বিচ্ছেদের এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। গত রবিবার (৪ অক্টোবর) রাত ১০টার দিকে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক যৌথ বিবৃতির মাধ্যমে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন এই তারকা জুটি।
ফেসবুক পোস্টে প্রীতম জানান, দীর্ঘ এক দশক একসঙ্গে পথ চলার পর পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই তাঁরা এই বৈবাহিক সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। অতীতে কাটানো সুন্দর মুহূর্ত, স্মৃতি ও অভিজ্ঞতার জন্য তাঁরা দুজনেই একে অপরের প্রতি কৃতজ্ঞ। সময়ের পালাবদলে তাঁদের ভাবনায় বড় ধরনের অমিল দেখা দেওয়ায় আলাদা পথে হাঁটাই শ্রেয় বলে মনে করেছেন তাঁরা।
হঠাৎ কোনো আবেগের বশে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান এই জুটি। পরিবার ও ঘনিষ্টজনদের সঙ্গে আলোচনা এবং তাঁদের সম্মতির ভিত্তিতেই এই পথে হেঁটেছেন তাঁরা। বর্তমানে বিবাহবিচ্ছেদের আনুষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন তাঁরা। জীবনের এই পরিবর্তিত পরিস্থিতিতে তাঁদের ব্যক্তিগত গোপনীয়তা ও অনুভূতির প্রতি সম্মান জানাতে ভক্ত, সহকর্মী ও গণমাধ্যমের প্রতি আন্তরিক অনুরোধ জানিয়েছেন এই সাবেক দম্পতি।
উল্লেখ্য, দীর্ঘ প্রেমের সম্পর্কের পর ২০২২ সালের ২৮ অক্টোবর ঘটা করে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন প্রীতম ও শাহতাজ। তবে চার বছরের মাথাতেই তাঁদের সম্পর্কের সমাপ্তি ঘটল।
সান নিউজ / রাজীব