কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে শোক, ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন শোবিজ অঙ্গনের অনেক তারকাও।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অপ্রতিমের মৃত্যুতে নিজের অনুভূতি প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার অভিনেতা সিয়াম আহমেদ।
তিনি লেখেন, অপ্রতিমের ছবির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছেন না তিনি। বাবা হওয়ার পর কোনো শিশুকে নিয়ে এমন খবর দেখলে নিজের সন্তানের মুখই বারবার চোখের সামনে ভেসে ওঠে।
সিয়াম আরও লেখেন, একটি সন্তান বিকেলে ছবি তুলতে বাসা থেকে বের হয়ে আর ফিরে না আসার ঘটনা একজন বাবা-মায়ের জন্য কতটা ভয়ংকর, তা ভাষায় প্রকাশ করা কঠিন। অপ্রতিমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে বের করে আনতে হবে এবং কোনোভাবেই সত্য আড়াল করা উচিত নয়।
বিচারের দাবি জানিয়ে এই অভিনেতা লেখেন, ‘সর্বোচ্চ সততার সঙ্গে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। অপ্রতিম, তোমার এভাবে চলে যাওয়ার কথা ছিল না।’ একই সঙ্গে সন্তানদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি করা সবার দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
অভিনেতা রওনক হাসানও অপ্রতিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘আহা! অপ্রতিম! হায়! কোনোভাবেই মানা যায় না! ভাষা নেই! শিউরে শিউরে উঠছি বারবার!’
অভিনেতা ইরফান সাজ্জাদও এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি লেখেন, ‘আহা বাচ্চাটা, বাংলাদেশি হিসেবে সবচেয়ে বড় স্বপ্ন হওয়া উচিত বাংলাদেশই ছেড়ে দেওয়া। যারা অলরেডি ছেড়ে গেছেন, এই অভিশপ্ত দেশ থেকে বেঁচে গেছেন।’
তিনি আরও লেখেন, সবাই সোনার বাংলাদেশের স্বপ্ন দেখালেও কেউ ন্যূনতম নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে পারছে না। পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
চিত্রনায়িকা পূজা চেরীও অপ্রতিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি লেখেন, ‘একজন মায়ের একমাত্র সন্তান, একটি পরিবারের স্বপ্ন—এভাবে অকালে ঝরে যাবে, এটা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়।’
অপ্রতিমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পূজা আরও বলেন, ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে সত্য সামনে আনা এবং দায়ীদের আইনের আওতায় আনা জরুরি।
সংগীতশিল্পী কোনালও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি লেখেন, ‘বলেছিলাম না, এই দেশটা শিশুদের জন্য নরক! এই দেশে কি আমরা শিশুদের বাঁচতে দেব না? আমরা এত অমানুষ কেন?’
শিশু নির্যাতন বন্ধে কার্যকর ব্যবস্থা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এই গায়িকা। একই সঙ্গে মায়েদের কষ্ট ও অভিশাপের কথাও উল্লেখ করে নিজের ক্ষোভ প্রকাশ করেন তিনি।
নির্মাতা আশফাক নিপুণও শিশু নির্যাতন ও হত্যার ঘটনায় দ্রুত বিচার এবং কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। তিনি বলেন, সব শিশু নির্যাতনকারী ও খুনির বিরুদ্ধে দ্রুত বিচার এবং কঠোর আইন ও শাস্তির বিধান করা প্রয়োজন।
আইনি জটিলতা কিংবা আইনের ফাঁকফোকরের অজুহাত না দিয়ে এ ধরনের অপরাধের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
‘বড় ছেলে’খ্যাত নির্মাতা মিজানুর রহমান আরিয়ান লেখেন, ‘সন্তানকে ডাক্তার-ইঞ্জিনিয়ার না বানিয়ে প্রবাসী বানান। দূরে থাক, তবু বেঁচে থাক।’
যেভাবে নিখোঁজ হয় অপ্রতিম
প্রসঙ্গত, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। এরপর পরিবারের সদস্যদের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ বিভিন্ন স্থানে তার সন্ধানে তল্লাশি চালান।
নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর শনিবার দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকার একটি জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়।
সান নিউজ/ রাব্বি