নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে অবহেলিত ও চলাচলের অনুপযোগী একটি সড়ক এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে মেরামত করা হয়েছে। মির্জানগর ইউনিয়ন বিএনপির সভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ডা. ফরিদ আহমেদের নিজস্ব অর্থায়নে সড়কটির মেরামতকাজ সম্পন্ন করা হয়।
তিনি মানবিক নেতা হিসেবে এলাকার সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ডের নিঃস্বার্থভাবে দায়িত্ব পালন করে সারা দেশের মধ্যে অন্যরকম দৃষ্টান্ত স্থাপন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থার কারণে এলাকাবাসীকে চলাচলে নানা দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা-পানিতে সড়কটি ব্যবহার করা কঠিন হয়ে পড়ত। শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, রোগীসহ সাধারণ পথচারীদের ভোগান্তি ছিল নিত্যদিনের। এ অবস্থায় স্থানীয়দের দাবির বিষয়টি গুরুত্ব দিয়ে ডা. ফরিদ নিজ উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে সড়কটি মেরামতের ব্যবস্থা করে দিয়েছেন। বারবার কারা নির্যাতিত ডা. ফরিদ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে এলাকার উন্নয়ন ও জনদুর্ভোগ নিরসনের উদ্যোগের ধারাবাহিকতায় এ কাজ সম্পন্ন করেছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, ডা. ফরিদ দীর্ঘদিন এলাকায় বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, জনসাধারণের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া এবং সামাজিক উন্নয়নমূলক কাজে তাঁর ভূমিকার কথা উল্লেখ করে এলাকাবাসীর একটি অংশ সন্তোষ প্রকাশ করেছেন।
এদিকে আসন্ন মির্জানগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে অংশ নেওয়ার প্রত্যাশা নিয়ে ডা. ফরিদ এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।
সাননিউজ/বান্না