ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মানবাধিকার সুরক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু করেছে ‘একতা মানবাধিকার পরিষদ’।
২০২৩ সালে প্রতিষ্ঠিত সংগঠনটি নিজেদের একটি অরাজনৈতিক মানবিক সংগঠন হিসেবে পরিচয় দিয়ে আসছে। সংগঠনটির ঘোষিত লক্ষ্য মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা, সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা।
সংগঠনটির প্রকাশিত সদস্য সংগ্রহ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগ্রহী ব্যক্তিরা সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে অসহায় ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, রক্তদান ও রক্তদাতা সংগ্রহ, সামাজিক সচেতনতামূলক কার্যক্রম এবং বৃক্ষরোপণসহ বিভিন্ন মানবিক উদ্যোগে অংশগ্রহণ করতে পারবেন।
এ উদ্যোগের মাধ্যমে বিশেষ করে তরুণ সমাজকে স্বেচ্ছাসেবামূলক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যাশা করছে সংগঠনটি। পাশাপাশি সমাজের ইতিবাচক পরিবর্তনে সম্মিলিত উদ্যোগ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে মানবিক কাজে আগ্রহী ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে ইচ্ছুক ব্যক্তিদের সদস্য হওয়ার আহ্বান জানানো হয়েছে।
‘সেবা আমাদের একমাত্র মূল লক্ষ্য’—এই প্রত্যয়কে সামনে রেখে বালিয়াডাঙ্গীসহ বৃহত্তর এলাকায় মানবিক ও সামাজিক কার্যক্রম সম্প্রসারণের প্রত্যাশা করছে একতা মানবাধিকার পরিষদ।
সাননিউজ/বান্না