নওগাঁর মহাদেবপুরে ‘এসডি এগ্রোভেট’ নামে একটি নকল সার ও ভেজাল কীটনাশক তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে প্রশাসন। শনিবার (৭ নভেম্বর) সেখানে অভিযান চালানো হয়। এসময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা এবং একজনকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানায়, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে একটি বাড়িতে দীর্ঘদিন ধরে নিম্নমানের জৈবসার ও নকল কীটনাশক তৈরি করা হচ্ছিল বলে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে কারখানার মালিক শাহীনূর পালিয়ে যান। তার অনুপস্থিতিতেই ভ্রাম্যমাণ আদালত তাকে ২ লাখ টাকা জরিমানা করেন। অবৈধ কর্মকাণ্ডে সহযোগিতার অভিযোগে তার ছোট ভাই দেলোয়ার হোসেনকে আটক করা হয়। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অভিযান শেষে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। সেখান থেকে কয়েক টন নকল সার ও কীটনাশক ছাড়াও ভেজাল পণ্য তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক জব্দ করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ বলেন, কৃষি উপকরণের নামে ভেজাল পণ্য উৎপাদন ও বিপণন কৃষকের আর্থিক ক্ষতির পাশাপাশি কৃষি উৎপাদন, খাদ্যনিরাপত্তা ও পরিবেশের জন্য উদ্বেগজনক। কৃষকদের প্রতারণা থেকে রক্ষা করতে অবৈধ সার ও কীটনাশক উৎপাদন, মজুত এবং বাজারজাতের বিরুদ্ধে নিয়মিত নজরদারি করা হবে।
সাননউিজ/বান্না