মাদারীপুরের শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভদ্রাসন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আ. রহিম বেপারী (৬৮) নাশকতা মামলায় গ্রেফতার হয়েছেন।
রবিবার (১২ জুলাই) দুপুর ১২টার দিকে ভদ্রাসন ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে শিবচর থানা পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর জন্য সোপর্দ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকাল ৯টার দিকে আ. রহিম বেপারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসে নিজ দপ্তরে বসে নিয়মিত প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করছিলেন। দুপুরের দিকে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল কার্যালয়ে অভিযান চালায়। এ সময় চেয়ারম্যানের কক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়।
আ. রহিম বেপারী শিবচর উপজেলার ভদ্রাসন ইউনিয়নের নডু বেপারীর কান্দি গ্রামের বাসিন্দা। তিনি মৃত নডু বেপারীর ছেলে এবং ভদ্রাসন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন,আ. রহিম বেপারীর বিরুদ্ধে নাশকতা আইনে দায়ের হওয়া একটি মামলা রয়েছে। গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
তবে গ্রেফতারের বিষয়ে চেয়ারম্যান আ. রহিম বেপারী বা তাঁর পরিবারের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।