ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে ভারতের রাজধানী নয়াদিল্লি। বিরোধী জোট ‘ইন্ডিয়া’র ডাকে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন হাজার হাজার কর্মী-সমর্থক ও শীর্ষস্থানীয় নেতারা।
পুলিশের বাধা ও ব্যারিকেডে রাহুল-অভিষেকের প্রতিবাদ
সংসদ ভবন চত্বর থেকে শুরু হওয়া বিরোধী দলের এই প্রতিবাদ মিছিলটি নির্বাচন কমিশন অভিমুখে যাওয়ার সময় নীতি আয়োগ কার্যালয়ের সামনে পুলিশের কঠোর ব্যারিকেডের মুখে পড়ে। পুলিশের বহুমুখী নিরাপত্তাবলয় ভেদ করতে না পেরে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সরাসরি ব্যারিকেডের ওপরে উঠে পড়েন এবং হাতে জাতীয় পতাকা নিয়ে স্লোগান দিতে শুরু করেন। তাঁর সঙ্গে তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য অভিষেক বন্দ্যোপাধ্যায়সহ অন্যান্য বিরোধী নেতারাও ব্যারিকেডে চড়ে প্রতিবাদ জানান। পরে পুলিশ রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ও তৃণমূলের একাধিক শীর্ষ নেতাকে সাময়িকভাবে আটক করে পুলিশ বাসে তুললেও পরবর্তীতে তাদের ছেড়ে দেওয়া হয়। মুক্তির পর তারা রাস্তায় বসে অবস্থান ধর্মঘট চালিয়ে যান।
ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্ক ও সুপ্রিম কোর্ট
বিশেষ নিবিড় ভোটার তালিকা সংশোধন (এসআইআর) কার্যক্রমে ব্যাপক কারচুপির অভিযোগ এনে সিইসির পদত্যাগ দাবি করছে বিরোধী শিবির। তবে নির্বাচন কমিশন ও ক্ষমতাসীন বিজেপি এই সমস্ত অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। এদিকে এই বিতর্কিত ইস্যুটি এখন সুপ্রিম কোর্টেও গড়িয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বিশেষ বেঞ্চ ইসিআই ও কেন্দ্রকে নোটিশ পাঠালেও, প্রাথমিক পর্যায়ে সিইসিকে দায়িত্ব থেকে বিরত রাখার কোনো অন্তর্বর্তীকালীন নির্দেশ দিতে অস্বীকৃতি জানিয়েছে আদালত।
সান নিউজ / রাজীব