অভিনেত্রী ডলি জহুর। ছবি: সংগৃহিত
বিনোদন

৭৩ বছরে পা দিলেন অভিনেত্রী ডলি জহুর

বিনোদন ডেস্ক

পাঁচ দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে ডলি জহুর তার স্বতন্ত্র অভিনয়শৈলী দিয়ে সমৃদ্ধ করেছেন দেশের নাটক ও চলচ্চিত্র অঙ্গন। চরিত্রের গভীরে প্রবেশ করে স্বাভাবিক অভিনয়ের মাধ্যমে তিনি হয়ে উঠেছেন দর্শকের কাছে এক পরিচিত ও আপন মুখ।

কখনো প্রতিবাদী নারী, কখনো মমতাময়ী মা,আবার কখনো মধ্যবিত্ত পরিবারের চিরচেনা ‘নিলু ভাবী’—বহু বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে স্থায়ী আসন তৈরি করেছেন গুণী অভিনেত্রী ডলি জহুর।

আজ (১৭ জুলাই) তার জন্মদিন। জীবনের ৭৩ বছরে পা দিলেন বাংলাদেশের মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রের এই বরেণ্য শিল্পী।

ডলি জহুরের অভিনয়ের শুরু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়, ১৯৭৪-৭৫ সালের দিকে। সমাজবিজ্ঞান বিভাগের একটি নাটকে অভিনয়ের মাধ্যমে তার প্রতিভার প্রকাশ ঘটে। এরপর নাট্যব্যক্তিত্ব ম. হামিদের হাত ধরে যুক্ত হন ‘নাট্যচক্র’ থিয়েটারে। সেখানে তার অভিনীত প্রথম নাটক ছিল ‘লেট দেয়ার বি লাইট’।

পরবর্তীতে বন্ধু ও জীবনসঙ্গী জহুরুল ইসলামের সঙ্গে যুক্ত হন ‘কথক নাট্যগোষ্ঠী’তে। এই দলের হয়ে মানিক বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত গল্প ‘প্রাগৈতিহাসিক’ অবলম্বনে নির্মিত নাটকে অভিনয় করেন তিনি। মঞ্চে তার অভিনয় প্রতিভা ধীরে ধীরে পরিচিতি পেতে থাকে।

মঞ্চনাটকে ডলি জহুরের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে মামুনুর রশীদের ‘বাংলা থিয়েটার’-এর ‘মানুষ’ নাটক। এই নাটকে অভিনয় করে তিনি দেশের বাইরেও প্রশংসা অর্জন করেন। পরে আরণ্যক নাট্যদলের বিখ্যাত ‘ময়ূর সিংহাসন’ নাটকে ‘প্রিন্সেস বলাকা’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে দলটির সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত হন।

মঞ্চের পর ছোট পর্দায় ডলি জহুরের অভিষেক ঘটে ১৯৮৫ সালে, কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা প্রথম ধারাবাহিক নাটক ‘এইসব দিনরাত্রি’র মাধ্যমে। মোস্তাফিজুর রহমান পরিচালিত এই নাটকে ‘নিলু ভাবী’ চরিত্রে অভিনয় করে তিনি রাতারাতি জনপ্রিয়তা অর্জন করেন। এরপর হুমায়ূন আহমেদের ‘জননী’ নাটকে নাম ভূমিকায় অভিনয় করে দর্শকের প্রশংসা কুড়ান।

টেলিভিশনের পাশাপাশি চলচ্চিত্রেও ডলি জহুরের অবদান অনন্য। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘অসাধারণ’। এরপর তিনি ১৬০টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করে ঢাকাই চলচ্চিত্রকে সমৃদ্ধ করেছেন।

হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্র ‘শঙ্খনীল কারাগার’ (১৯৯২)-এ ‘রাবেয়া’ চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য তিনি প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে সম্মানিত হন। এরপর হুমায়ূন আহমেদের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘আগুনের পরশমণি’তেও তার অভিনয় দর্শকের প্রশংসা পায়।

২০০৬ সালে কাজী মোরশেদ পরিচালিত ‘ঘানি’ চলচ্চিত্রে ‘রোকেয়া’ চরিত্রে অভিনয়ের জন্য দ্বিতীয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। দীর্ঘ অভিনয়জীবনের স্বীকৃতিস্বরূপ ২০২১ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আজীবন সম্মাননায় ভূষিত হন এই গুণী শিল্পী।

ডলি জহুর শুধু নাটক ও চলচ্চিত্রেই নয়, বিশেষ টেলিফিল্মেও নিজের অভিনয় দক্ষতার পরিচয় দিয়েছেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণবার্ষিকী উপলক্ষে নির্মিত অঞ্জন আইচের ‘শেষের রাত্রি’ টেলিফিল্মেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন তিনি।

অভিনয়ের প্রতি ভালোবাসা ও পেশার প্রতি নিষ্ঠা দিয়ে ডলি জহুর প্রমাণ করেছেন, একজন শিল্পীর প্রকৃত পরিচয় তার সৃষ্টিশীলতায়। প্রজন্মের পর প্রজন্মের দর্শকের কাছে তিনি আজও সমান জনপ্রিয়।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা