কুড়িগ্রামের উলিপুরে ফসলি জমি থেকে অবৈধভাবে টপ সয়েল কেটে বিক্রির অপরাধে এক ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ট্রাক্টর চালক রুহানী হোসেনকে (২৫) এই জরিমানা করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস,এম মেহেদী হাসান এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে তা বিক্রি করা হচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করতে উপজেলার তবকপুর ইউনিয়নের মিয়াজিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় উলিপুর পৌরসভা এলাকার রুহানী হোসেন নামের এক ট্রাক্টর চালককে কৃষি জমির মাটি কর্তন অবস্থায় দেখতে পায়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এসএম মেহেদী হাসান জানান, কৃষিজমি ও পরিবেশ রক্ষায় অবৈধভাবে মাটি কাটা বা বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। এছাড়া এ ব্যাপারে উপজেলা প্রশাসনের অবস্থান ভবিষ্যতে আরো কঠোর হবে বলে জানান তিনি।
সাননিউজ/বান্না