পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের লাঠুয়াপাড়া গ্রামে চলন্ত ট্রাক্টরে উঠতে গিয়ে পা পিছলে চাকার নিচে পড়ে আলামিন (১৬) নামের এক কিশোর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত আলামিন লাঠুয়াপাড়া গ্রামের হযরত আলীর ছেলে। সে পেশায় একজন ট্রাক্টর শ্রমিক ছিল।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে কাজের উদ্দেশ্যে চলন্ত একটি ট্রাক্টরে ওঠার চেষ্টা করছিল আলামিন। এ সময় হঠাৎ তার পা পিছলে সে নিচে পড়ে যায় এবং ট্রাক্টরের চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হয়।
ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ধাক্কামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলাল এবং পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সাননিউজ/বান্না