সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ বিড়ি উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে বিশ্বম্ভরপুর থানার উল্লাসনগর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি পুলিশের অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তির নাম হযরত আলী (১৯)। তিনি তাহিরপুর উপজেলার বিন্নাকুলি গ্রামের দুকু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, অভিযান শেষে ঘটনাস্থল থেকে মোট ১ লাখ ৬৮ হাজার শলাকা ভারতীয় শেখ নাসিরুদ্দিন বিড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত এসব বিড়ির আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৭২ হাজার টাকা।
এ সময় মো. বিল্লাল হোসেন (২৬), বাবুল (২৮) ও মো. জলিল (৩৮) নামে আরও তিনজন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
সুনামগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের এএসআই খাদেমুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে এসআই মোহাম্মদ সাইফুল ইসলাম, এসআই মুকুল খানসহ পুলিশের অন্যান্য সদস্যরা অংশ নেন।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি পলাতক ব্যক্তিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সাননিউজ/বান্না