পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটকবাহী ইঞ্জিনচালিত ভ্যান উল্টে নাবিলা নুসরাত (৩২) নামে এক নারী চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কুয়াকাটার মিশ্রিপাড়া বৌদ্ধবিহার পরিদর্শনে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাবিলা নুসরাত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন। আহত ডা. মাইনুল ইসলাম শুভ নিজেকে নিহত চিকিৎসকের স্বামী বলে পরিচয় দিয়েছেন। তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কর্মরত।
ডা. মাইনুল ইসলাম শুভ জানান, গতকাল ঢাকা থেকে কুয়াকাটায় বেড়াতে এসে তারা দুজন ওশান ভিউ হোটেলে অবস্থান করেন। শনিবার বিকেলে একটি ইঞ্জিনচালিত ভ্যানে করে মিশ্রিপাড়া বৌদ্ধবিহার দেখতে যাচ্ছিলেন। পথে একটি বিড়াল ভ্যানটির চাকার নিচে পড়লে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ভ্যানটি উল্টে যায় এবং তারা দুজনসহ আরও দুই পর্যটক ছিটকে পড়েন।
এ সময় নাবিলা নুসরাতের মাথা ভ্যানের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ডা. মাইনুল আরও জানান, তার স্ত্রী ৪২তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, আহত অবস্থায় তাকে প্রথমে তুলাতলী হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে ইসিজি পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। তবে দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন চিকিৎসক।
এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদার বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে এসেছে। নিহতের সঙ্গে থাকা ব্যক্তি নিজেকে তার স্বামী পরিচয় দিয়েছেন। বিষয়টি যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাননউিজ/বান্না