ঝালকাঠির রাজাপুরে বিষখালী নদীতে মা ইলিশ শিকারের সময় অভিযান চালিয়ে পাঁচ জেলেকে আটক করেছে উপজেলা প্রশাসন। এসময় ৭৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও পাঁচ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার রাতে রাজাপুর উপজেলার বিষখালী নদীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরির নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। আটক পাঁচ জেলের মধ্যে মো. জাহাঙ্গীরকে এক মাসের এবং মেহেদী হাসান জয়, বাপ্পি হাওলাদার, হেল্লাল হাওলাদার ও রাজিব হাওলাদারকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের এ সাজা দেওয়া হয়।
অভিযানে জব্দ করা প্রায় ৭৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জালের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা। অভিযান শেষে জব্দ করা কারেন্ট জাল নদীর পাড়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। আর জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।
ইলিশের প্রজনন ও সংরক্ষণ নিশ্চিত করতে নদীতে অবৈধভাবে মাছ শিকার বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
সাননিউজ/বান্না