ছবি: সান নিউজ
সারাদেশ

অনুমতি ছাড়া গাছ কর্তন, টেন্ডার ছাড়া কলেজের নির্মাণ কাজের অভিযোগ

ফয়জুল ইসলাম ( সাভার,ঢাকা ) প্রতিনিধি

সাভারের দোসাইদ এ কে স্কুল অ্যান্ড কলেজে সীমানাপ্রাচীর নির্মাণকে কেন্দ্র করে গাছ কাটা ও নির্মাণকাজের প্রক্রিয়া নিয়ে অভিযোগ উঠেছে। কলেজের দুটি কাঁঠালগাছ কাটার ক্ষেত্রে উপজেলা প্রশাসনের অনুমোদন নেওয়া হয়নি বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে গাছ বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কলেজ সূত্রে জানা গেছে, সীমানাপ্রাচীর নির্মাণের জন্য প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে চার লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ওই টাকা দিয়ে নির্মাণকাজ শুরু হয়েছে। কলেজের অধ্যক্ষ মো. নাসির উদ্দিন জানান, পুরো সীমানাপ্রাচীর নির্মাণ এবং নিচু জায়গায় বালু ভরাটসহ কাজ শেষ করতে প্রায় ২০ লাখ টাকা প্রয়োজন হবে। বাকি টাকা স্থানীয় সংসদ সদস্য দেওয়ার কথা বলেছেন।

তবে সীমানা প্রাচীর নির্মাণে এখনো কোনো টেন্ডার দেওয়া হয়নি বলে জানিয়েছেন অধ্যক্ষ নাসির উদ্দিন। তাঁর ভাষ্য, পিআইও কার্যালয়ের চার লাখ টাকার বরাদ্দের কাজ শেষ হওয়ার পর বাকি কাজের জন্য টেন্ডার দেওয়া হবে। নির্মাণ কাজের একটি অংশ হিসেবে কলেজের গেট স্থানীয় কাবেল মেম্বার বিনা পারিশ্রমিকে করার জন্য চেয়ে নিয়েছেন বলেও জানান তিনি।

এদিকে স্থানীয় বাসিন্দা মো. আমজাদ হোসেন অভিযোগ করেছেন, টেন্ডার বা কোটেশন ছাড়াই স্বজন প্রীতির মাধ্যমে সীমানা প্রাচীর নির্মাণের কাজ দেওয়া হয়েছে। এ অভিযোগে তিনি কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মো. শওকত হোসেন, সীমানা প্রাচীর নির্মাণ কমিটির আহ্বায়ক ও সংশ্লিষ্ট সদস্যদের আইনি নোটিশ দিয়েছেন। নোটিশে সাত কর্মদিবসের মধ্যে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

কলেজের দুটি কাঁঠালগাছ কাটার বিষয়েও স্থানীয়ভাবে অভিযোগ ওঠে। অধ্যক্ষ নাসির উদ্দিন বলেন, গাছ দুটি মরা ছিল এবং গাছ কাটার জন্য ম্যানেজিং কমিটির অনুমতি ছিল। তবে উপজেলা প্রশাসনের অনুমোদন নেওয়া হয়নি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাঁর সঙ্গে ফোনে কথা বলেছেন বলেও জানান তিনি।

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘বিনা অনুমতিতে গাছ কাটায় কলেজ কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে। গাছ বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দিতে বলা হয়েছে।’ টেন্ডার ছাড়া কোনো নির্মাণকাজ হয়ে থাকলে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, কলেজের জমি থেকে প্রতিবছর প্রায় দেড় কোটি টাকা ভাড়া আসে। ওই অর্থ কোথায় ব্যয় করা হয়, সে বিষয়ে স্বচ্ছ হিসাব তাঁদের জানা নেই। কলেজের পুরোনো ও স্মৃতিবিজড়িত গাছ কাটার বিষয়েও তাঁদের অবহিত করা হয়নি বলে দাবি করেন তাঁরা।

আইনি নোটিশের বিষয়ে অধ্যক্ষ নাসির উদ্দিন বলেন, ‘আমজাদ নামে কাউকে আমি চিনি না। তবে উকিল নোটিশ এলে আমি তার জবাব দেব।’

সরকারি বরাদ্দে সীমানাপ্রাচীর নির্মাণের পাশাপাশি গাছ কাটার ঘটনায় উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ এবং নির্মাণকাজের প্রক্রিয়া নিয়ে অভিযোগ ওঠায় বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা তৈরি হয়েছে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা