আসন্ন সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই বড়সড় ধাক্কা সামলাতে হতে পারে বাংলাদেশ দলকে। আগামী ৪ নভেম্বর ঢাকায় আসর পর্দা তোলার পরদিন ভুটানের মুখোমুখি হবে স্বাগতিকরা। কিন্তু জটিলতা হলো, আন্তর্জাতিক ফুটবলের নির্ধারিত ফিফা উইন্ডো শুরু হবে ৯ নভেম্বর থেকে।
এই সময়সূচির মারপ্যাচে শেফিল্ড ইউনাইটেডের মিডফিল্ডার হামজা চৌধুরীসহ স্কোয়াডের অধিকাংশ প্রবাসী ফুটবলারকে শুরুর ম্যাচে পাচ্ছে না লাল-সবুজের দল। তবে এই ঘাটতি নিয়ে একেবারেই বিচলিত নন কোচ টমাস ডুলি। বরং ডুুলির পরিষ্কার ঘোষণা—হামজাকে না পেলেও যদি ভুটানের মতো দলের বিপক্ষে জয় না আসে, তবে দেশের ফুটবল বন্ধ করে দেওয়াই উচিত।
ইংলিশ ক্লাব ফুটবলে ব্যস্ত থাকা হামজার ৭ নভেম্বর পর্যন্ত ম্যাচ রয়েছে, অথচ সাফে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচ ৫ নভেম্বর। শুধু তিনি একা নন, ফিফা উইন্ডোর আগে অন্য প্রবাসী খেলোয়াড়দের সার্ভিস পাওয়া নিয়েও ঘোর অনিশ্চয়তা রয়েছে।
পরিস্থিতি সামাল দিতে অবশ্য বাফুফে বসে নেই। ফিফা উইন্ডোর বাইরে কোনো বিদেশি দল বা ক্লাবকে ঢাকায় এনে অনানুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলানোর চেষ্টা চালিয়েই যাচ্ছে ফেডারেশন। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানিয়েছেন, ঘরোয়া লিগের ভেন্যুগুলোর করুণ দশা এবং খেলোয়াড়দের ইনজুরির শঙ্কার বিষয়টিও গুরুত্বের সঙ্গে মনিটর করা হচ্ছে।
এদিকে সাম্প্রতিক সময়ে জাতীয় দলের মাঠের পারফরম্যান্স খুব একটা সন্তোষজনক নয়। বিশেষ করে, আসিয়ান কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হারের পর কোচ টমাস ডুলির ছাঁটাই গুঞ্জন জোরালো হয়েছে।
কোচিং প্যানেলে রদবদল প্রসঙ্গে তাবিথ আউয়াল জানান, আন্তর্জাতিক ফুটবলে দলবদল বা কোচ পরিবর্তন খুবই রুটিন ওয়ার্ক, যদিও এই মুহূর্তে নিশ্চিত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অন্যদিকে, ক্লাবগুলো ফিফা উইন্ডোর আগে খেলোয়াড় ছাড়তে বাধ্য না হলেও হামজাদের পেতে যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে বাফুফে।
ভুটানের বিপক্ষে ম্যাচটিতে পূর্ণ শক্তির দল না পাওয়া গেলেও পরবর্তী শ্রীলঙ্কা ম্যাচে স্কোয়াডের সবাইকেই একসঙ্গে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
প্রতিপক্ষের সাম্প্রতিক অগ্রগতি ও অতীতের কিছু অস্বস্তিকর রেকর্ড ভুটান ম্যাচকে ঘিরে বাড়তি চাপ তৈরি করেছে।
ঐতিহাসিকভাবে বাংলাদেশ অনায়াসেই ভুটানকে উড়িয়ে দিলেও সময়ের ব্যবধানে দক্ষিণ এশিয়ার ওই দেশটি নিজেদের বেশ শক্ত অবস্থানে নিয়ে গেছে। তবে পুরোনো পরিসংখ্যান বা প্রতিপক্ষের উন্নতি নিয়ে মোটেও মাথা ঘামাতে নারাজ অভিজ্ঞ কোচ ডুলি। কোনো রকম বুকভীতি না রেখে শতভাগ জয়ের মানসিকতা নিয়েই মাঠে নামার তাগিদ দিয়েছেন তিনি।
সান নিউজ / রাজীব