দেশের ঘরোয়া ক্রিকেটাঙ্গনে নতুন এক রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হতে চলেছে। ঘরোয়া ক্রিকেটের আলোচিত নতুন আসর ‘ডি থ্রি ট্রফি’র ছয়টি ফ্র্যাঞ্চাইজি দল তাদের প্রধান কোচ ও টিম ম্যানেজমেন্ট গুছিয়ে নেওয়ার কাজ প্রায় শেষ করে এনেছে। দেশের শীর্ষস্থানীয় ও অভিজ্ঞ কোচদের কাঁধেই দলগুলোর মূল দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। এর আগে গত রোববার জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের আইকন ক্রিকেটারদের ড্রাফট সম্পন্ন হয়েছিল, আর ঠিক তার ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সফলভাবে শেষ হলো ম্যানেজমেন্ট ও কোচিং প্যানেলের ড্রাফট প্রক্রিয়া।
টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী ফ্র্যাঞ্চাইজি ওয়ালটন গ্রুপ তাদের প্রধান কোচ হিসেবে দেশের ক্রিকেটের পরিচিত মুখ ও সাবেক সফল ক্রিকেটার আব্দুর রাজ্জাককে দলভুক্ত করেছে। এই অভিজ্ঞ কোচিং প্যানেল নিয়ে দারুণ আশাবাদী দলটির কর্মকর্তা রবিউল ইসলাম মিল্টন। রাজ্জাকের অন্তর্ভুক্তি নিয়ে তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, রাজ্জাক ভাই একজন অত্যন্ত উঁচুমানের সাবেক খেলোয়াড় থেকে সফলভাবে কোচিং পেশায় এসেছেন। তাছাড়া তুষার ইমরান ভাইয়ের মতো অভিজ্ঞরা দীর্ঘ সময় ধরে কাজ করে যাচ্ছেন। আমাদের কোচিং প্যানেলটি বেশ ভারসাম্যপূর্ণ এবং বেশ শক্তিশালী একটি দল।
এদিকে দল গঠনের প্রক্রিয়ায় আইকন ক্রিকেটার হিসেবে মার্ভেলাস অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে দলে ভেড়ানোর নেপথ্যের গল্পও শেয়ার করেছেন এই কর্মকর্তা। মিরাজকে দলে নেওয়ার পরিকল্পনা প্রসঙ্গে রবিউল ইসলাম মিল্টন জানান, মিরাজকে নিয়ে আমাদের এবং কোচ মিজান ভাইয়ের নির্দিষ্ট পরিকল্পনা ছিল। আমরা দুজনেই আগেই মিরাজকে কথা দিয়ে রেখেছিলাম যে, ড্রাফটে প্রথম সুযোগ পেলে আমরা তাকেই নেব। তখন মিরাজ আমাদের বলেছিল, ভাই, যেটা দলের জন্য ভালো হয় আপনারা সেটাই কইরেন।
এই স্পিন অলরাউন্ডারকে স্কোয়াডে পাওয়ার পর সন্তুষ্টি প্রকাশ করে তিনি আরও যোগ করেন, এখানে কাউকে হারিয়ে দেওয়ার কোনো বিষয় ছিল না, বরং মিরাজ শুরু থেকেই আমাদের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় ছিল। তাকে আমাদের দলে পাওয়াটা পুরো টিম ম্যানেজমেন্টকে ভীষণভাবে উজ্জীবিত ও আনন্দিত করেছে। তারকা ক্রিকেটার এবং অভিজ্ঞ কোচদের দারুণ এই সমন্বয়ে ডি থ্রি ট্রফির আসন্ন লড়াইয়ে ওয়ালটন গ্রুপ যে বেশ শক্ত অবস্থান নিয়ে মাঠে নামছে, তা বলাই বাহুল্য।
সান নিউজ/রাজীব