লিওনেল মেসির গোল সত্ত্বেও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ইন্টার মিয়ামি। মেজর লিগ সকারে (MLS) নিজেদের ঘরের মাঠে টরন্টো এফসির কাছে ২-১ ব্যবধানে হেরে গেছে ডেভিড বেকহামের দল। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচে জয়বঞ্চিত রইল মিয়ামি।
ম্যাচের প্রথমার্ধে দুই দলই রক্ষণ সামলে খেলায় কোনো গোল হয়নি। তবে দ্বিতীয়ার্ধে দৃশ্যপট দ্রুত বদলে যায়। ৫৯ মিনিটে ড্যানিয়েল সালইয়ের পাস থেকে গোল করে টরন্টোকে লিড এনে দেন জোশ সার্জেন্ট। এর ঠিক তিন মিনিট পর (৬২ মিনিটে) ডেরেক ইতিয়েন জুনিয়র একক প্রচেষ্টায় দারুণ এক গোল করে ব্যবধান ২-০ করেন।
পিছিয়ে পড়া মিয়ামির হয়ে ৮২ মিনিটে রদ্রিগো ডি পলের বাড়ানো বল থেকে দর্শনীয় এক গোল করে ব্যবধান কমান অধিনায়ক লিওনেল মেসি। চলতি এমএলএস মৌসুমে এটি মেসির ১৪তম গোল। তবে এই গোলটি কেবল ব্যবধানই কমিয়েছে, দলের পরাজয় এড়াতে পারেনি।
এ হারের ফলে ইস্টার্ন কনফারেন্সে ২১ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকলেও শীর্ষ দল ন্যাশভিলের চেয়ে পিছিয়ে পড়ল মিয়ামি। আগামী শনিবার পরবর্তী ম্যাচে সিএফ মন্ট্রিয়লের মুখোমুখি হবে ইন্টার মিয়ামি।
সান নিউজ/ হুমায়রা