টানা কয়েক দিনের ভারি বর্ষণের পর আজ (সোমবার) থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের তীব্রতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে আগামী বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে আবারও ভারি বর্ষণ শুরু হতে পারে, যা এক থেকে তিন দিন পর্যন্ত অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে।
সোমবার (১৩ জুলাই) দুপুরে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।
তিনি বলেন, আজ থেকে বৃষ্টিপাতের তীব্রতা কমতে শুরু করবে এবং এ পরিস্থিতি আগামী বুধবার (১৫ জুলাই) পর্যন্ত থাকতে পারে। এরপর বৃহস্পতিবার থেকে আবারও ভারি বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ সময়ও দেশের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ অব্যাহত থাকতে পারে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, আজ সকাল ১১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারি (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে।
তিনি আরও বলেন, সার্বিকভাবে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণ অব্যাহত থাকতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সান নিউজ/ জামান