রাজনীতি

বাস মালিকদের স্বার্থে ভাড়া বৃদ্ধি: ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাস মালিকদের স্বার্থেই মূলত বাস ভাড়া ৬০ শতাংশ বাড়ানো হয়েছে।

সোমবার (০১ জুন) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আজ থেকে ঢাকাসহ সারা দেশে বাস-মিনিবাস চলাচল শুরু হয়েছে। বাসে ৫০ শতাংশ যাত্রী পরিবহন করা এবং স্বাস্থ্যবিধি মানার নির্দেশনাসহ সরকার বাস ভাড়া ৬০ শতাংশ বাড়িয়েছে। সেই বাড়তি ভাড়া আজ থেকেই কার্যকর হয়েছে। এই ভাড়ার হার করোনাকালের জন্য প্রযোজ্য হবে।

বাস ভাড়া ৬০ শতাংশ বাড়ানোর এই সিদ্ধান্তের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, 'এটা অমানবিক। কম আয়ের মানুষই বাসে ওঠে। কার স্বার্থে বাস ভাড়া বাড়িয়েছে? মালিকদের স্বার্থে। মালিকদের আবার অনুদান দিচ্ছে। পুরো বিষয়টা হয়েছে লুটপাটের জন্য।'

করোনাভাইরাস মোকাবিলায় শুরু থেকে সরকারের সব পদক্ষেপই ভুল ছিল উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, 'বারবার করে বিশেষজ্ঞরা বলছেন এবং তাদের নিয়োজিত পরামর্শক কমিটিই বলেছে, আরও কিছু দিন নিয়ন্ত্রণে রাখতে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসকও বলেছেন।'

মির্জা ফখরুল বলেন, 'ট্রেন, বাস, লঞ্চে মানুষ গাদাগাদি করে উঠছে। বাংলাদেশে গণপরিবহন এই ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব না। আরও সময় নিতে পারত।'

বিএনপির মহাসচিব বলেন, 'দায়িত্বশীলতা নেই বলেই সরকার তুঘলকি কারবার করছে। জনগণকে মহা বিপদের দিকে ফেলে দেওয়া হয়েছে।' তিনি বলেন, 'সরকারের দায়িত্বহীনতা, সমন্বয়হীনতা। মনেই হয় না যে সরকার আছে। একেক বিভাগ একেক রকম সিদ্ধান্ত নিচ্ছে। সরকারের সুনির্দিষ্ট কোনো দিক নির্দেশনা নেই। সরকারের একলা চলো নীতি উদ্দেশ্যপ্রণোদিত।'

কৃষকদের 'করুণ অবস্থা' উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, কৃষকদের ন্যায্য মূল্য পাওয়ার ব্যাপারে সরকারের কোনো উদ্যোগ নেই। ধান কাটার নামে আওয়ামী লীগ নেতারা কৃষকের পাকা ধান নষ্ট করেছেন। কোথাও কাঁচা ধান কেটেছেন। আর বিএনপি কৃষকের ধান কাটতে সহায়তা করেছে।

মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকারের দুর্নীতি ও অদূরদর্শিতার কারণে বাংলাদেশের কৃষি আজ ধ্বংসের মুখে। সরকার সরাসরি কৃষকের কাছ থেকে ধান-চাল কম কিনে বেশি কিনছে চালকল মালিকদের থেকে। এতে মধ্যস্বত্বভোগীরা লাভবান হচ্ছে। এখানেও দলীয় ব্যবসায়ী চালকল মালিকদের মুনাফা করে দেয়।

বিএনপির মহাসচিব বলেন, 'বোরো ধানের উৎপাদন হবে প্রায় ২ কোটি মেট্রিক টন। আর সরকার সংগ্রহ করবে ধান ৮ লাখ ও চাল ১৪ লাখ টন। যা উৎপাদনের মাত্র ৯ শতাংশ। বিএনপি এই পরিমাণ ২০ শতাংশ করার দাবি জানায়।'

কৃষকদের জন্য কৃষক দলের কর্মসূচি তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি বলেন, 'সব জেলায় তারা কৃষকদের থেকে ধান-চাল কেনার জন্য জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেবেন। যেসব কৃষক ধান বিক্রি করতে পারছেন না, তাদের ধান বিক্রি করতে সহায়তা করবে। এছাড়া করোনার মধ্যে ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে।'

সিকদার গ্রুপের দুই ভাইয়ের দেশ ছাড়ার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, 'সরকার কোথায়? আজকে এই কারণেই দেশ ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে।'

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে যেসব বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন পেশাজীবী মারা গেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি চিকিৎসক জাফরুল্লাহ চৌধুরীর প্রতিষ্ঠানের কিট প্রমাণিত হয়ে গেছে যে, সেটা কার্যকর। তিনি জাফরুল্লাহ চৌধুরীর দ্রুত রোগমুক্তি কামনা করেন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

আটক অভিনেতা তমাল মাহবুব, ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ

ছোটপর্দার পরিচিত মুখ তমাল মাহবুবকে রাজধানীর আজিমপুর এলাকা থেকে আটক করেছে ঢাকা...

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে উত্তাল উপকূল, মোংলা বন্দরে পণ্য খালাস কার্যত স্থবির

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সুন্দরবন সংলগ্ন উপক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা