ছবি: সংগৃহিত
আন্তর্জাতিক

অবশেষে ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

২৩ বছর পর আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব সেনা প্রত্যাহার করে নিচ্ছে যুক্তরাষ্ট্র। বুধবার ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদির দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ইরাকে ইসলামিক স্টেট (আইএস)বিরোধী বৈশ্বিক জোটের অভিযান শেষ হওয়ার পথে। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব বিদেশি সেনা প্রত্যাহার করা হবে। এ সময়সীমা নির্ধারিত ও চূড়ান্ত। আগামী ১ অক্টোবর ইরাকের জন্য একটি ঐতিহাসিক দিন হতে যাচ্ছে। কারণ ওই দিন থেকে দেশটিতে আর কোনো বিদেশি সেনার উপস্থিতি থাকবে না।

বিবৃতিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)-এর কমান্ডার জেনারেল ব্র্যাড কুপারের সঙ্গে প্রধানমন্ত্রী আলী আল জাইদির বৈঠকের ভিত্তিতেই মার্কিন সেনা প্রত্যাহারের এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

গত জুলাইয়ের মাঝামাঝি ওয়াশিংটন সফরে গিয়েছিলেন ইরাকের প্রধানমন্ত্রী। ওই সফরের সময় জেনারেল ব্র্যাড কুপারের সঙ্গে তার বৈঠক হয়। বুধবারের বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরাক এখন থেকে পরস্পরের সার্বভৌমত্ব এবং দ্বিপাক্ষিক স্বার্থকে সম্মান জানাবে। পাশাপাশি অর্থনীতি ও নিরাপত্তা খাতে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার দিকে গুরুত্ব দেওয়া হবে।

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের পেছনে রয়েছে দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির ইতিহাস। ২০০৩ সালে ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে উৎখাত করতে দেশটিতে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। ওই বছরের ১৯ মার্চ অভিযান শুরু হয় এবং নয় মাসের মাথায় গ্রেপ্তার হন সাদ্দাম হোসেন। প্রায় তিন বছর বিচার চলার পর ২০০৬ সালের ৩০ ডিসেম্বর ভোরে তার ফাঁসি কার্যকর করা হয়।

সাদ্দাম হোসেনের মৃত্যুর পর ইরাক থেকে মার্কিন বাহিনীর সরে যাওয়ার কথা থাকলেও পরিস্থিতি বদলে যায়। তার মৃত্যুর অল্প সময়ের মধ্যেই ইরাকে উত্থান ঘটে আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসের। গোষ্ঠীটির বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য ইরাকে মার্কিন সেনা উপস্থিতি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন।

ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের বিষয়ে আরও বিস্তারিত জানতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করে মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

পেন্টাগনের এক কর্মকর্তা এপিকে বলেন, যুক্তরাষ্ট্র, ইরাক এবং জোটের অংশীদাররা আইএসকে পরাজিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বর্তমানে ইরাকে থাকা সন্ত্রাসী গোষ্ঠীগুলো মোকাবিলায় ইরাকি সেনাবাহিনী যথেষ্ট সক্ষম বলেও মন্তব্য করেন তিনি।

তবে বর্তমানে ইরাকে কতজন মার্কিন সেনা অবস্থান করছেন, সে তথ্য প্রকাশ করেননি পেন্টাগনের ওই কর্মকর্তা।

সূত্র : আলজাজিরা

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নরসিংদীতে প্রান্তিক পেশাজীবীদের জন্য ১০ দিনের সফট স্কিলস প্রশিক্ষণ  

নরসিংদীর রায়পুরা ও শিবপুর উপজেলায় প্রান্তিক পেশাজী...

খরা-এল নিনোর যুগল আঘাতে বিপর্যয়ের মুখে বিশ্বের ফুসফুস!

বিশ্বের বৃহত্তম ক্রান্তীয় বনভূমি আমাজন আবারও ভয়াবহ সংকটের মুখোমুখি। দীর্ঘস্থা...

সচেতনতার মাধ্যমে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ডায়াবেটিস সম্পর্...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

৮৬ মিনিটে বজ্রপাত! আরশাদের বাঁ-পায়ের শটে ভেঙে গেল ২৩ বছরের স্বপ্ন, সাফের ফাইনালে পাকিস্তান

ফুটবল মাঝে মাঝে বড় নির্মম এক খেলা। ৯০ মিনিট ধরে যে দল বল দখলে রাখে, আক্রমণ স...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা