মুন্সীগঞ্জ জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন নিয়ে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠনে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় আগামী তিন দিনের মধ্যে কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় সংগঠনের সর্বোচ্চ সাংগঠনিক ক্ষমতা প্রয়োগ করা হবে বলে সতর্ক করা হয়েছে।
শনিবার দিবাগত রাত ১২ টায় কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে পাঠানো এক ‘সতর্কীকরণপত্রে’- জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ সোহেল রানা ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুন্নাকে এ নির্দেশনা দেওয়া হয়।
কেন্দ্রীয় যুবদলের চিঠিতে উল্লেখ করা হয়, গত ২০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মোহাম্মদ সোহেল রানাকে সভাপতি ও মোজাম্মেল হক মুন্নাকে সাধারণ সম্পাদক করে মুন্সীগঞ্জ জেলা যুবদলের দুই সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। পরবর্তী সময়ে আরও তিনজনকে অন্তর্ভুক্ত করে কমিটি পাঁচ সদস্যে বর্ধিত করা হয়।
আংশিক কমিটি ঘোষণার সময় ৩০ দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু নির্ধারিত সময় অতিবাহিত হলেও এখন পর্যন্ত পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি বলে চিঠিতে উল্লেখ করা হয়।
এ অবস্থায় সাংগঠনিক নীতি, শৃঙ্খলা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কেন্দ্রীয় নির্বাহী কমিটি চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছে। আগামী তিন দিনের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করা হলে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।
কেন্দ্রীয় কমিটির এমন নির্দেশনার পর মুন্সীগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক কার্যক্রম ও নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে না পারার কারণ কী, কমিটি গঠনে কোনো সাংগঠনিক জটিলতা রয়েছে কি না এবং তৃণমূলের নেতাকর্মীদের অন্তর্ভুক্তির ক্ষেত্রে কী প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে—এসব বিষয় সামনে এসেছে।
বিশেষ করে জেলা ও উপজেলা পর্যায়ে দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত নেতাকর্মীদের মূল্যায়ন, যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে পদ বণ্টন এবং সাংগঠনিক ঐক্য বজায় রাখার বিষয়গুলো পূর্ণাঙ্গ কমিটি গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
তবে কমিটি গঠনে বিলম্বের সুনির্দিষ্ট কারণ কেন্দ্রীয় সতর্কীকরণপত্রে উল্লেখ করা হয়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপির নির্দেশক্রমে পাঠানো চিঠিতে স্বাক্ষর করেছেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।
এ বিষয়ে জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ সোহেল রানা বলেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ভাই ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ভাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সাংগঠনিক জবাবদিহিতা একটি শক্তিশালী সংগঠন গঠনের অন্যতম ভিত্তি।
মুন্সীগঞ্জ জেলা যুবদলকে ব্যক্তি ও বলয়কেন্দ্রিক রাজনীতির বাইরে এনে ত্যাগী, পরীক্ষিত ও যোগ্য নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ ও আদর্শিক সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই।
আমাদের লক্ষ্য পদ নয়, ত্যাগের মূল্যায়ন; ব্যক্তি নয়, সংগঠনকে শক্তিশালী করা। ইনশাআল্লাহ- সবার সহযোগিতায় মুন্সীগঞ্জ জেলা যুবদলকে আরও গতিশীল ও সুসংগঠিত করব।
এদিকে- এখন দেখার বিষয়, কেন্দ্রের বেঁধে দেওয়া তিন দিনের সময়সীমার মধ্যে মুন্সীগঞ্জ জেলা যুবদলের ১০১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন ও জমা দেওয়া সম্ভব হয় কি না?
সাননিউজ/বান্না