রাজশাহীর গোদাগাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১০ রাউন্ড গুলিসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮টার দিকে গোদাগাড়ী-রাজশাহী মহাসড়কের সারইল এলাকায় একটি চেকপোস্ট থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
আজ শনিবার( ২১ নবভম্বর) দুপুর সাড়ে ১২টায় রাজশাহী পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন; চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের শিষ মোহাম্মদের ছেলে মো. শাহীন আলী (৩৮) এবং একই উপজেলার জমিনপুর গ্রামের মৃত ইসরাইল আলীর মেয়ে মোছা. পিংকি খাতুন (২৮)।
জেলা ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে জেলা ডিবির ওসি শেখ মাহাবুবুর রহমানের নেতৃত্বে একটি দল সারইল গ্রামে মহাসড়কে চেকপোস্ট বসায়। রাত ৮টার দিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার দুজন যাত্রীর দেহ তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল (মেড ইন ইউএসএ ৭.৬৫ এমএম), চারটি ম্যাগাজিন এবং ১০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সাননিউজ/বান্না