দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অপতৎপরতা, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে দিনাজপুরের বোচাগঞ্জে পৃথক মোটরসাইকেল মিছিল ও শোডাউন করেছে ৩ নম্বর মুর্শিদহাট ইউনিয়ন বিএনপি ও উপজেলা যুবদল।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সেতাবগঞ্জ পৌর শহর এবং মুর্শিদহাট ইউনিয়নের বিভিন্ন সড়কে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিপুলসংখ্যক মোটরসাইকেল নিয়ে আয়োজিত এসব কর্মসূচিতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মুর্শিদহাট ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত মোটরসাইকেল মিছিল ও শোডাউনের অগ্রভাগে ছিলেন উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা ও নারী নেত্রী শামীমা চৌধুরী। এ সময় ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অন্যদিকে, একই সময়ে সেতাবগঞ্জ পৌর শহরে উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আসাদুল হক চৌধুরী ও উপজেলা যুবদলের আহ্বায়ক সুমন চৌধুরীর নেতৃত্বে পৃথক মোটরসাইকেল শোডাউন করে বোচাগঞ্জ উপজেলা যুবদল। এতে যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
সাননিউজ/বান্না