আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এ উপলক্ষে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ২৫টি পূজামণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা নির্মাণ ও রং করার কাজ শেষ করে মণ্ডপ সাজসজ্জা, প্যান্ডেল নির্মাণ ও আলোকসজ্জার কাজ প্রায় সম্পন্ন করেছেন আয়োজকেরা। এখন দেবী দুর্গার আগমনের অপেক্ষায় রয়েছেন ভক্ত-দর্শনার্থীরা।
বুধবার (১৪ অক্টোবর) বাবুগঞ্জ উপজেলার কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, দেবী দুর্গাকে বরণ করে নিতে মণ্ডপগুলোতে উৎসবের আমেজ বিরাজ করছে। কোথাও চলছে প্যান্ডেল সাজানোর কাজ, কোথাও চলছে আলোকসজ্জা ও শেষ মুহূর্তের সৌন্দর্যবর্ধন। পূজাকে ঘিরে আয়োজকদের মধ্যে দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
আয়োজকেরা জানান, অন্যান্য বছরের মতো এবারও উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি পূজাকে কেন্দ্র করে স্থানীয় মানুষের মধ্যে বিরাজ করছে আনন্দ-উচ্ছ্বাস। উৎসব নির্বিঘ্নে উদ্যাপনে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
১৫ অক্টোবর সন্ধ্যায় মহাপঞ্চমীর বোধন-সংক্রান্ত আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দুর্গোৎসবের সূচনা হবে। ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।
বাবুগঞ্জ উপজেলা দুর্গা পূজা উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা বিএনপি'র সদস্য দুলাল চন্দ্র সাহা জানান, উৎসবকে আনন্দময় ও নির্বিঘ্ন করতে পূজামণ্ডপের আয়োজকেরা সার্বিক প্রস্তুতি সম্পন্ন করছেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উৎসব ও পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদ্যাপিত হবে—এমন প্রত্যাশা করেন তিনি।
বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আসমাউল হুসনা জানান, বাবুগঞ্জ উপজেলায় ২৫টি পূজামণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, আমরা সকল পূজা মন্ডপ পরিদর্শন করছি উৎসব নির্বিঘ্নে উদ্যাপনে প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
সাননিউজ/বান্না