মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাবার কাছ থেকে চাঁদা আদায়ের ঘটনায় সহযোগীসহ যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রাজিব হোসেন অপু (৩৪) ও তার সহযোগী মো. স্বপন (৪৫)।
সোমবার দিনগত রাত জেলা শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত যুবদল নেতা রাজিব শহরের উপকন্ঠ মুক্তারপুর এলাকার চুন্নু মিয়ার ছেলে ও সহযোগী স্বপন একই এলাকার লাল মিয়ার ছেলে।
এদিকে, চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার হওয়ায় মঙ্গলবার (৬ অক্টোবর) যুবদল নেতা রাজিবকে বহিস্কার করা হয়েছে। এদিন দুপুরে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম-সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সাক্ষরিত এ পত্রে বহিস্কারের তথ্য নিশ্চিত করেছে। ওই পত্রে অনৈতিক অপরাধে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাকে বহিস্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, দৈনিক মানবজমিন পত্রিকার মাল্টিমিডিয়া রিপোর্টার নাহিদ হাসানের বাবা মো. হাবিবুর রহমান কাজী পেশায় নিয়োজিত আছেন। তিনি মুন্সীগঞ্জ শহরের কাটাখালী এলাকায় প্রায় ২০ বছর ধরে নিকাহ পড়ানো ও বিবাহ নিবন্ধনের কাজ করে আসছেন। গত ১ অক্টোবর নিজের কাজী অফিসে ওই যুবদল নেতার সহযোগী স্বপনের স্ত্রী ইতির (২৫) তালাক নিবন্ধন করেন।
এ ঘটনার জের ধরে গত সোমবার দুপুরে যুবদল নেতার নেতৃত্বে ৩ টি মোটর বাইকে করে এসে কাটাখালীর এলাকার বাড়ি থেকে সাংবাদিকের বাবা কাজী হাবিবুরকে তুলে নিয়ে যায়। পরে তাকে প্রাননাশের হুমকি দিয়ে ২ লাখ টাকা চাাঁদা দাবী করে। এতে ওইদিনই অগ্রনী ব্যাংক থেকে দাবী মোতাবেক সমুদয় টাকা উত্তোলন করে যুবদল নেতাকে প্রদান করলে তাকে ছেড়ে দেওয়া হয়।
সদর থানার ওসি আরো জানান, ওই চাঁদা আদায়ের ঘটনায় সোমবার রাতেই সাংবাদিকের বাবা হাবিবুর রহমান যুবদল নেতা রাজিবসহ ৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৫-৬ জনের নামে সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে রাতেই মুক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে সহযোগীসহ যুবদল নেতাকে গ্রেপ্তার করতে সক্ষম হন। পরে গতকাল মঙ্গলবার সকালে মামলা রুজু করে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরন করেন।
কাজী হাবিবুর রহমানের ছেলে সাংবাদিক নাহিদ হাসান বলেন, ঘটনার পর বিষয়টি মীমাংসা করে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছিল। মামলা করলে পরবর্তীতে কী হতে পারে, সে বিষয়েও তাকে ভয় দেখানো হয়। কারও রাজনৈতিক পরিচয়কে বিবেচনায় না নিয়ে ঘটনার বিচার চেয়ে মামলা দায়ের করেন।
সাননিউজ/বান্না