ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরিফ (২৪) নামে আরও এক রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৪৮ জন। বর্তমানে হাসপাতালটিতে ১১৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৫ অক্টোবর) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
মৃত আরিফ ময়মনসিংহ সদর উপজেলার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এলাকার বাসিন্দা মো. আব্দুল হাইয়ের ছেলে। হাসপাতাল সূত্র জানায়, গত ৩০ সেপ্টেম্বর সকাল ৮টা ১২ মিনিটে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ৪ অক্টোবর বিকেল ৩টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।
হাসপাতালের তথ্যমতে, আরিফের মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে ডেঙ্গুর জটিলতা, শ্বাসতন্ত্রের গুরুতর সমস্যা এবং ব্রঙ্কিয়েকটেসিসজনিত শ্বাসযন্ত্রের অকার্যকারিতার কথা উল্লেখ করা হয়েছে।
বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ১১৯ জন ডেঙ্গু রোগীর মধ্যে ৬৯ জন পুরুষ, ৩৯ জন নারী ও ১১ জন শিশু রয়েছেন।
হাসপাতাল সূত্র আরও জানায়, চলতি বছর এখন পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩ হাজার ২৭৫ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৬ জনের মৃত্যু হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী ফোকাল পারসন ডা. মো. সেলিম উদ্দিন বলেন, গত ২৪ ঘণ্টায় ৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ৪৮ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে ১১৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও জানান, চলতি বছর এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ৩ হাজার ২৭৫ জন ডেঙ্গু রোগীর মধ্যে ২৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণ দেওয়া হচ্ছে।
সান নিউজ/ রাব্বি