ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে শিক্ষার্থীদের কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে জলকামানও প্রস্তুত রাখা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সাইন্সল্যাব মোড়ে এমন পরিস্থিতি দেখা যায়। পরে দুপুর ১২টার দিকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থী সাইন্সল্যাব মোড়ে অবস্থান নেন।
এর আগে সকাল ১১টার দিকে নতুন উপাচার্য নিয়োগের প্রতিবাদে ঢাকা কলেজে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা। পরে তারা মিছিল নিয়ে সাইন্সল্যাব মোড়ে এসে অবস্থান নেন।
এদিকে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হওয়ার আশঙ্কায় আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল পুলিশ।
নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব বলেন, সাইন্সল্যাবে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে কিছুটা উত্তেজনা তৈরি হয়েছিল। পরিস্থিতি যাতে সংঘর্ষে রূপ না নেয়, সে জন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, উভয় কলেজ কর্তৃপক্ষের সঙ্গে পুলিশ কথা বলেছে। শিক্ষার্থীরা বর্তমানে নিজ নিজ কলেজের ভেতরে অবস্থান করছেন। বাইরে থেকে কেউ যাতে ঢিল বা পাথর নিক্ষেপ করে পরিস্থিতি উত্তপ্ত করতে না পারে, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
ওসি আরও জানান, সাইন্সল্যাব এলাকায় প্রায় ৬০ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন। নিউমার্কেট, কলাবাগান ও ধানমন্ডি—এই তিন থানার পুলিশ সদস্যরা সাইন্সল্যাবের বিভিন্ন পয়েন্টে অবস্থান করছেন।
সান নিউজ/ রাব্বি