দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিশ্বখ্যাত ম্যানগ্রোভ বনাঞ্চল ও মৎস্যসম্পদের আধার, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের দুবলার চরে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাসপূর্ণিমার পূজা ও পুণ্যস্নান আগামী ২২ থেকে ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে। তিন দিনব্যাপী এ উৎসবে অংশ নিতে পারবেন শুধু সনাতন ধর্মাবলম্বীরা। ২৪ নভেম্বর ভোরে সাগরের প্রথম জোয়ারে পুণ্যার্থীদের পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে এবারের রাস উৎসব।
দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি ও রাস উৎসব উদযাপন কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ জানান, দুবলার আলোরকোলে এবারের রাস উৎসব নির্বিঘ্নে পালনের জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। শতবর্ষের ঐতিহ্যবাহী এ উৎসবে প্রতিবছর দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে হাজারো মানুষ সমবেত হন। তবে এবারের রাসপূর্ণিমার পূজা ও পুণ্যস্নানে শুধু সনাতন ধর্মাবলম্বীরাই অংশ নিতে পারবেন।
তিনি জানান, পুণ্যার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সুন্দরবন বিভাগ পাঁচটি নৌপথ নির্ধারণ করে দিয়েছে। এসব নৌপথে পুণ্যার্থীদের নিরাপত্তায় বিভিন্ন বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক টহল দেবেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, দুবলার চরের রাস উৎসবে যাওয়ার জন্য শুধু সনাতন ধর্মাবলম্বীরা অনুমতি পাবেন। পুণ্যার্থীদের নির্ধারিত পাঁচটি নৌপথ ব্যবহার করতে হবে এবং বন বিভাগের সব নির্দেশনা মেনে চলতে হবে।
নিরাপত্তা ও বনজ সম্পদ রক্ষায় নৌযানে বিস্ফোরক দ্রব্য, আগ্নেয়াস্ত্র, হরিণ শিকারের ফাঁদ, দড়ি, কুড়াল, করাতসহ কোনো অবৈধ সরঞ্জাম বহন করা যাবে না। এসব সরঞ্জাম পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান বন কর্মকর্তা।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাছানুর রহমান বলেন, এ বছরও রাসমেলা হবে না। শুধু পূজা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হবে। শুধু সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরাই আলোরকোলে যেতে পারবেন।
বন বিভাগের সংশ্লিষ্টরা জানান, সুন্দরবনের সংরক্ষিত বনাঞ্চলে রাসমেলাকে কেন্দ্র করে এক শ্রেণির অসাধু ব্যক্তি বেআইনি কর্মকাণ্ডে জড়াতেন। বন বিভাগের জনবল কম থাকায় এসব কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়ত। সংরক্ষিত বনাঞ্চলে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে ২০২০ সাল থেকে দুবলার চরের রাসমেলা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। তবে প্রতিবছর নির্দিষ্ট সময়ে সেখানে রাসপূজা ও পুণ্যস্নান অনুষ্ঠিত হয়।
সাননিউজ/বান্না