রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় এখন পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করেছে শাহ আলী থানা পুলিশ। শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
রোববার (২৭ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, মিরপুরের স্বাস্থ্যকেন্দ্র রাড্ডায় হামলা ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই ঘটনায় স্বাস্থ্যকেন্দ্র থেকে লুট হওয়া মালামালের দুই ট্রাক উদ্ধার করা হয়েছে।
এর আগে শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ। পরিদর্শন শেষে তিনি বলেন, মিরপুরে বেসরকারি সংস্থা রাড্ডা এমসিএইচের কার্যালয় ও স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় পুলিশের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ডিএমপি কমিশনার বলেন, ‘এ ধরনের একটি ঘটনা প্রতিরোধ করা অবশ্যই পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। এ ক্ষেত্রে পুলিশের কোনো অবহেলা ছিল কি না, আমরা তা খতিয়ে দেখছি।’
সান নিউজ/ রাব্বি