সারাদেশ

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল

ভোলা প্রতিনিধি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরাজ্য, সহিংসতা এবং দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ভোলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নবগঠিত জেলা যুবদল।

বুধবার (১৮ নভেম্বর) সকালে ভোলা সদর রোডে জেলা যুবদলের কার্যালয়ের সামনে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। পরে নবগঠিত জেলা যুবদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সার্কুলার রোডে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন নবগঠিত জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম ফেরদৌস। সঞ্চালনা করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেন।

সমাবেশে বক্তারা বলেন, তারেক রহমানের সুযোগ্য নেতৃত্বে দেশে যখন স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসছে, তখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নানা নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। যেকোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। একই সঙ্গে দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বস্তরের জনগণকে সজাগ থাকার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, পরিকল্পিতভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সন্ত্রাসী কর্মকাণ্ড ও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। গোপালগঞ্জে বিএনপির কার্যালয়ে ভাঙচুর এবং নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তারা বলেন, এসব ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ সর্বস্তরের জনগণকে সোচ্চার থাকতে হবে।

বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা ‘আপা আপা করিস না, আপা আর ফিরবে না’, ‘ভেঙে দাও, গুঁড়িয়ে দাও আওয়ামী লীগের আস্তানা’ এবং ‘যুবদলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন স্লোগান দেন।

এ সময় ভোলা সদরসহ বিভিন্ন উপজেলার যুবদলের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক এনামুল হক, জেলা বিএনপির সদস্য ও যুবদলের সাবেক সভাপতি ইয়ারুল আলম লিটন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদ।

এ ছাড়া নবগঠিত জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মোস্তফা কামাল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম উজ্জ্বল এবং সাংগঠনিক সম্পাদক আল আমিন হাওলাদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে নবগঠিত ভোলা জেলা যুবদলের কমিটির নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন বিভিন্ন উপজেলা থেকে আসা যুবদলের নেতাকর্মীরা।

সমাবেশে জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম ফেরদৌস বলেন,

ভোলার মাটিতে কোনো নাশকতাকারীকে দাঁড়াতে দেওয়া হবে না। যারা আড়ালে থেকে আগুন-সন্ত্রাস করে মানুষের জানমালের ক্ষতি করতে চায়, তাদের বিরুদ্ধে যুবদল রাজপথে ছিল, আছে, থাকবে। আমরা কোনো ভাঙচুরে বিশ্বাস করি না, আমরা শান্তিপূর্ণভাবে প্রতিরোধ করবো। কিন্তু কেউ যদি অশান্তি সৃষ্টি করতে আসে, তাহলে সাধারণ মানুষকে সাথে নিয়ে তাকে দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

তিনি আরও বলেন, আমাদের নেতাকর্মীরা সতর্ক আছে। প্রতিটি মহল্লায়, প্রতিটি মোড়ে যুবদলের কর্মীরা পাহারায় থাকবে, যাতে কেউ নাশকতা করে শান্তি নষ্ট করতে না পারে।

ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম বলেন, আওয়ামী লীগ দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে নৈরাজ্য ও সহিংসতা চালাচ্ছে। শেখ হাসিনার শাসনামলে ১৫ হাজার মানুষকে পঙ্গু করার দায়সহ নানা নির্যাতন-নিপীড়নের কারণে এ দেশের মানুষ তাঁকে ক্ষমতা থেকে বিতাড়িত করেছে। কিন্তু আওয়ামী লীগ এখনো দেশকে অস্থিতিশীল ও অকার্যকর করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোথাও টায়ার পোড়ানো বা অগ্নিসংযোগের ঘটনা ঘটলে তার পাল্টা জবাব দেওয়া হবে।

রাইসুল আলম আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপির কোনো নেতাকর্মী যদি ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীদের আশ্রয়-প্রশ্রয় বা সহযোগিতা করেন, তাঁদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই ফ্যাসিবাদী শক্তিকে আশ্রয়-প্রশ্রয় দেওয়া যাবে না।

একই সঙ্গে কোথাও একটি টায়ারে আগুন দেওয়া হলে শতাধিক বাড়িতে আগুন দেওয়ার হুশিয়ারি দেন তিনি।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

নওগাঁয় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে মরদেহ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে মায়ের জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে...

পাসের হার ৩০ শতাংশের নিচে, বেতন বন্ধের চিঠি ইউএনও’র!

ময়মনসিংহের ভালুকায় এসএসসি ও সমমানের পরীক্ষায় পা...

আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে ভোলায় যুবদলের বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নৈরা...

বাগেরহাটে বাসা থেকে বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে বাসা থেকে মেহেদী হাসান (২২) না...

যুক্তরাষ্ট্র-জাপানের আলুর যুদ্ধ!

যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপের মুখে পড়ে অবশেষে মার্কিন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা