এশিয়ান গেমস ক্রিকেটে অংশ নিতে গত ২৫ সেপ্টেম্বর জাপানে গিয়ে পৌঁছেছে বাংলাদেশ দল। তবে টানা বৃষ্টির কারণে এখন পর্যন্ত লিটন দাসের দলের নিয়মিত অনুশীলন ব্যাহত হয়েছে এবং বৃষ্টির ফাঁকে ফাঁকে অল্প সময়ের জন্য নেটে অনুশীলন করেই তারা নিজেদের প্রস্তুত করার চেষ্টা করছেন। আবহাওয়া অনুকূলে না থাকলেও এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য দেশ থেকেই মানসিকভাবে প্রস্তুত হয়ে এসেছিলেন বলে জানিয়েছেন টাইগার অধিনায়ক লিটন দাস।
বৃষ্টিতে অনুশীলন বাধাগ্রস্ত হওয়া প্রসঙ্গে লিটন বলেন, আবহাওয়ার ওপর কারো হাত নেই এবং প্রতিটি দলের জন্যই পরিস্থিতি সমান। দেশ ছাড়ার আগে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছিল উল্লেখ করে তিনি জানান, জাপান ক্রিকেট পরিচিত দেশ না হওয়ায় সেখানে পর্যাপ্ত অনুশীলনের সুবিধা না পাওয়ার আশঙ্কাই বেশি ছিল, যে কারণে আগে থেকেই দল নিজেদের প্রস্তুত করে রেখেছে এবং খেলোয়াড়রা মাঠে নামার জন্য সম্পূর্ণ প্রস্তুত।
আগামীকাল সকালে মালয়েশিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ, যেখানেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। ম্যাচ পরিত্যক্ত হলে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকলেও বৃষ্টি নিয়ে না ভেবে ম্যাচটি মাঠেই খেলতে চান অধিনায়ক। উইকেট ও দল গঠন নিয়ে তিনি জানান, পিচ বোলারদের সহায়ক হওয়ায় দলে পাঁচজন বোলার ও ছয়জন ব্যাটার নিয়ে সেরা কম্বিনেশন নামানো হবে। এছাড়া, ক্রিকেটে পদক জয়ের বাড়তি কোনো চাপের কথা এই মুহূর্তে মাথায় রাখছেন না জানিয়ে লিটন বলেন, আগে প্রথম ম্যাচটি খেলে জয় নিশ্চিত করতে চান, এরপর পরবর্তী ভাবনা।
সান নিউজ/রাজীব