পঞ্চগড় সীমান্তের নিরাপত্তা আরও জোরদার করতে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নারায়ণপুর গ্রামে নবনির্মিত নারায়ণপুর বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার সময় আনুষ্ঠানিকভাবে এই বিওপির উদ্বোধন করা হয়।
নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পতাকা উত্তোলনের মাধ্যমে নবনির্মিত বিওপিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের, পিএসসি, জি+।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও সেক্টরের সেক্টর কমান্ডার ও নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি)-এর অধিনায়কসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্তের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষায় বিজিবি দিবা-রাত্রি ২৪ ঘণ্টা নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। খিরোড ও ধামেনরহাট বিওপির মধ্যবর্তী প্রায় ১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় কার্যকর নজরদারি বাড়ানো এবং চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধের লক্ষ্যে নারায়ণপুর বিওপি স্থাপন করা হয়েছে। এর ফলে সংশ্লিষ্ট এলাকায় বিজিবির অপারেশনাল সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।
উদ্বোধনী বক্তব্যে রংপুর রিজিয়ন কমান্ডার বলেন, উত্তর-পশ্চিম রিজিয়নের আওতাধীন ১ হাজার ৬৬৮ কিলোমিটার সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক, সজাগ ও প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত নিরাপত্তাকে আরও আধুনিক ও কার্যকর করতে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকায় ড্রোন, সিসিটিভি ক্যামেরা, স্যাটেলাইট ও নাইট ভিশন ক্যামেরা-সহ আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করা হয়েছে।
রিজিয়ন কমান্ডার আরও উল্লেখ করেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তা এবং জনকল্যাণমূলক কার্যক্রমেও বিজিবি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
মাদক ও অবৈধ অস্ত্র পাচার, মানব পাচার এবং পুশ-ইনসহ সব ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণ, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
সংশ্লিষ্টদের মতে, নারায়ণপুর বিওপি চালুর ফলে পঞ্চগড়ের এ সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি ও টহল কার্যক্রম আরও গতিশীল ও জোরদার হবে, যা চোরাচালান ও সীমান্ত অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখবে।
সাননিউজ/বান্না