গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জয় টঙ্গীর ব্যাংক মাঠ বস্তি এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, সোমবার রাতে বাসায় ফেরার পথে কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে জয়কে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে প্রাথমিকভাবে পূর্বশত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) নূর আলম হোসেন।
সান নিউজ/ রাব্বি