প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরকে কেন্দ্র করে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। এতে প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ের ১৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া পিছিয়ে গেছে।
রোববার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এতে সভাপতিত্ব করার কথা ছিল প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমানের। আনুষ্ঠানিকভাবে বৈঠক স্থগিতের কারণ হিসেবে ‘অনিবার্য কারণ’ উল্লেখ করা হলেও পরিকল্পনা কমিশনসংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রস্তুতির কারণে গত রাতে বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, আজ সন্ধ্যায় ফ্লাইটে প্রধানমন্ত্রীর জাপানের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে। সফরের আগে গুরুত্বপূর্ণ কিছু দাপ্তরিক কাজ সম্পন্ন করতে হওয়ায় একনেকের বৈঠক আয়োজন করা সম্ভব হয়নি। বৈঠক শুরু হলে দুপুরের খাবারের আগেই তা শেষ করা কঠিন হতে পারে—এমন বিবেচনা থেকেও স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়।
আজকের বৈঠকে অনুমোদনের জন্য মোট ১৫টি উন্নয়ন প্রকল্প উপস্থাপনের প্রস্তুতি ছিল। প্রকল্পগুলোর সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল প্রায় ৯ হাজার কোটি টাকা। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল তিতাস গ্যাসক্ষেত্রে তিতাস-৩২ ও তিতাস-৩৩ নামে দুটি মূল্যায়ন ও উন্নয়ন গ্যাসকূপ খনন প্রকল্প। এ ছাড়া ‘ইনোভেশন ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট’ এবং নেত্রকোনা বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পও তালিকায় ছিল।
অনুমোদনের অপেক্ষায় থাকা অন্যান্য প্রকল্পের মধ্যে রয়েছে বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সড়কের ক্ষতিগ্রস্ত অংশ, নর্দমা ও ফুটপাত সংস্কার ও উন্নয়ন প্রকল্প।
এ ছাড়া বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে বিশেষায়িত ও অপারেশনাল যানবাহন কেনার দুটি প্রকল্প এবং দেশের পাঁচটি মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার স্থাপনের প্রকল্পও একনেকের অনুমোদনের জন্য প্রস্তুত রাখা হয়েছিল। বৈঠক স্থগিত হওয়ায় এসব প্রকল্পের অনুমোদন আপাতত পিছিয়ে গেল।
সান নিউজ/ রাব্বি