রংপুরের গঙ্গাচড়ায় অটোরিকশা চুরির অভিযোগে মসজিদের মাইকে ‘চোর’ ঘোষণা দেওয়ার পর দুই ব্যক্তিকে ধাওয়া করে আটক করেন স্থানীয়রা। পরে তাদের গণপিটুনি দেওয়া হলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
রোববার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের উত্তর পানাপুকুর এলাকার পুকুরখুড়ির দোলা ক্যানেলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নের এনতাজ মিয়ার ছেলে রেজাউল ইসলাম ওরফে কানা (৫০) এবং কোলকোন্দ ইউনিয়নের আইয়ুব আলীর ছেলে ছাদেকুল ইসলাম (২৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে বাগপুর বাগেরহাট গ্রামের বাসিন্দা সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে যাওয়ার সময় বিষয়টি তার নজরে আসে। তিনি চিৎকার করলে পাশের মসজিদের ইমাম বিষয়টি বুঝতে পেরে মাইকে ‘চোর, চোর’ বলে ঘোষণা দেন। এ সময় ফজরের নামাজ পড়তে আসা মুসল্লি ও স্থানীয় লোকজন অটোরিকশাসহ ওই দুই ব্যক্তিকে ধাওয়া করেন।
ধাওয়ার মুখে তারা অটোরিকশাটি ফেলে পালানোর চেষ্টা করেন। তবে স্থানীয়রা পিছু নিয়ে সোহেল মিয়ার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার পশ্চিমে উত্তর পানাপুকুর এলাকার পুকুরখুড়ির দোলা ক্যানেলে তাদের আটক করেন। পরে সেখানে গণপিটুনিতে দুই ব্যক্তির মৃত্যু হয়।
খবর পেয়ে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পাশাপাশি সিআইডি, পিবিআই ও ক্রাইম সিন টিমকে বিষয়টি জানানো হয়। পরে সিআইডির ক্রাইম সিন টিম ঘটনাস্থলে গিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় নিহতদের পরিচয় শনাক্ত করে।
পুলিশ জানায়, নিহতদের মরদেহ বর্তমানে থানায় রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
গঙ্গাচড়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর জানান, ঘটনার বিস্তারিত জানতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নিহতদের বিরুদ্ধে আগে থেকে কোনো অপরাধে জড়িত থাকার অভিযোগ ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
সান নিউজ/ রাব্বি