দেশের মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের আর্থিক সম্মাননা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। চলতি অর্থবছরে দুই লাখ ৫৬ হাজার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে এ কর্মসূচির আওতায় আনা হচ্ছে। এরই মধ্যে প্রায় দুই লাখ ১০ হাজার সুবিধাভোগীর তথ্য অন্তর্ভুক্তির কাজ শেষ হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে বাকিদেরও তালিকাভুক্ত করার লক্ষ্য রয়েছে। পর্যায়ক্রমে আগামী চার অর্থবছরের মধ্যে দেশের সব মসজিদ, মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের সেবকদের এ সুবিধার আওতায় আনা হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে সাভারের বাইপাইলে বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস আয়োজিত দুই দিনব্যাপী ‘আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন ২০২৬’-এর উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
সরকারের ৩১ দফা প্রতিশ্রুতির কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘যে যে ধর্মেরই হোক না কেন, ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবায়েত, যাজক, সহকারী যাজক, অধ্যক্ষ বা উপাধ্যক্ষ—তাঁদের সম্মানিত করলে জাতি সঠিক পথ পাবে। এই বিশ্বাস থেকেই সরকার কাজ করছে।
তিনি জানান, যাঁদের তথ্য এখনো তালিকাভুক্ত করা সম্ভব হয়নি, তাঁরাও জুলাই মাস থেকে বকেয়াসহ সম্মানী পাবেন।
ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক উন্নয়ন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে মায়েদের স্বাবলম্বী করা, কৃষক কার্ড, উন্নত স্বাস্থ্যনীতি, আনন্দমুখর শিক্ষাব্যবস্থা, ২৫ কোটি বৃক্ষরোপণ এবং কর্মসংস্থান সৃষ্টি—এমন নানা উদ্যোগ নিয়েছে সরকার। তবে শুধু আর্থিকভাবে স্বাবলম্বী হলেই চলবে না, মানুষকে হক ও বাতিলের পার্থক্যও বুঝতে হবে। এ ক্ষেত্রে ধর্মীয় পথ প্রদর্শকেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
মাদ্রাসা শিক্ষার সমন্বয় ও স্বীকৃতির বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, কওমি মাদ্রাসার জন্য ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’-এর আদলে মাদ্রাসা শিক্ষাবোর্ডগুলোর মধ্যে সমন্বয় ও স্বীকৃতির বিষয়টি এগিয়ে নেওয়ার উদ্যোগ রয়েছে। পাশাপাশি মাদ্রাসা শিক্ষার্থীদের বিসিএসসহ সরকারি চাকরিতে সুযোগ সম্প্রসারণের বিষয়েও শিক্ষা মন্ত্রণালয়ে কাজ চলছে। এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের পরামর্শ চাওয়া হলে তা দেওয়া হবে।
অনুষ্ঠানে সৌদি আরবের ধর্ম মন্ত্রণালয়ের সচিব শাইখ ড. আওয়াদ বিন সাবতী আল-আনাযী, আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আব্দুল ওয়াহহাব সাঈদানী এবং অল ইন্ডিয়া জমঈয়তে আহলে হাদীসের আমির শাইখ আসগর আলী আলাফী মাদানীসহ দেশি-বিদেশি ধর্মীয় ব্যক্তিত্ব ও অতিথিরা উপস্থিত ছিলেন।
সাননিউজ/বান্না