নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বেকারত্ব দূর করতে সরকার বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ করছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল খায়ের ভূঁইয়া এমপি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে যুবদের কর্মসংস্থান সৃষ্টি ও এআই প্রযুক্তির মাধ্যমে দক্ষতা উন্নয়ন প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা শহরের ই-লার্নিং এন্ড আর্নিং লিমিটেড লক্ষ্মীপুর ব্রাঞ্চে এ আয়োজন করা হয়।
লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বেকারত্ব দূর করতে বহুমুখী কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার কাজ করছে। এ জন্য শিক্ষা ক্ষেত্রে সরকার সর্বোচ্চ বাজেট দিয়েছে। নতুন প্রজন্ম যেন বেকার না থাকে সেজন্য আত্মকর্মসংস্থান সৃষ্টিতে যুব উন্নয়নের মাধ্যমে উদ্বুদ্ধ করা হচ্ছে।
লক্ষ্মীপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক সালেহ উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন ও সদর (পশ্চিম) উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসাইন প্রমুখ।
সাননিউজ/বান্না