ঝালকাঠির রাজাপুরে ভান্ডারিয়া-রাজাপুর মহাসড়ক থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার গালুয়া দুর্গাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে। তবে এখনো শনাক্ত হয়নি নিহত ব্যক্তির পরিচয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ফজরের নামাজ শেষে প্রতিদিনের মতো হাঁটতে বের হন কয়েকজন বাসিন্দা। এ সময় ভান্ডারিয়া-রাজাপুর মহাসড়কের ওপর এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন তাঁরা। কাছে গিয়ে বুঝতে পারেন, ওই ব্যক্তি আর বেঁচে নেই। পরে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে রাজাপুর থানা পুলিশ। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। তবে তাঁর নাম-পরিচয় এখনো জানা যায়নি।
পুলিশের প্রাথমিক ধারণা, রাস্তা পারাপারের সময় অজ্ঞাত কোনো বাস বা ট্রাকের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এটি দুর্ঘটনা, নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের জন্য সিআইডিকে খবর দেওয়া হয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।
সাননিউজ/বান্না