ছবি: সংগৃহীত
সারাদেশ

পিবিআই পুলিশের ভুয়া পরিচয়ে প্রতারণা, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পিবিআই পুলিশের ভুয়া পরিচয়ে মামলার বাদী ও বিবাদীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে শরীফ উদ্দিন রেজভী (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (৪ অক্টোবর) বিকেলে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের শ্যামবাড়ী গ্রামে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

আটক শরীফ উদ্দিন উপজেলার কুটি ইউনিয়নের রানিয়ারা বিষ্ণুপুর গ্রামের আবদুল বাতেন মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ পরিচয়ে প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন তিনি। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে শরীফ উদ্দিন বিভিন্ন মামলার কপির ছবি মোবাইলে ধারণ করে সেগুলো প্রিন্ট করতেন। পরে জেলার বিভিন্ন উপজেলার বিভিন্ন এলাকায় গিয়ে মামলার বাদী-বিবাদীদের কাছে নিজেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সদস্য হিসেবে পরিচয় দিতেন। মামলার কপি দেখিয়ে তদন্ত প্রতিবেদন পক্ষে দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে টাকা নিতেন বলে অভিযোগ রয়েছে।

রোববার বিকেলেও একটি মামলার কপি নিয়ে কসবার শ্যামবাড়ী গ্রামে যান শরীফ। তার পরনে ছিল পুলিশের নেভি ব্লু রঙের প্যান্ট ও বুট জুতা। সেখানে একটি দোকানের সামনে গিয়ে তিনি এক ব্যক্তির ঠিকানা খুঁজছিলেন। এ সময় স্থানীয় বাসিন্দা ও আইনজীবী নয়ন নাজিরসহ কয়েকজনের তার আচরণ সন্দেহজনক মনে হয়।

পরে স্থানীয়রা তার পরিচয় জানতে চাইলে শরীফ নিজেকে পিবিআইয়ের পুলিশ সদস্য বলে দাবি করেন। তবে পরিচয়পত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি। এতে স্থানীয়দের সন্দেহ আরও বেড়ে যায়।

একপর্যায়ে জিজ্ঞাসাবাদ করা হলে শরীফ নিজেকে আদালতের এক আইনজীবীর মুহুরি বলে দাবি করেন। তবে আইনজীবী নয়ন নাজিরের সঙ্গে ওই আইনজীবীর নিয়মিত যোগাযোগ থাকলেও শরীফ নামে তার কোনো মুহুরি নেই বলে জানা যায়। পরে মুহুরি কার্ড দেখতে চাইলে শরীফ কম্পিউটারে তৈরি একটি পরিচয়পত্র দেখান বলে স্থানীয়রা জানান।

পুলিশের জিজ্ঞাসাবাদে শরীফ স্বীকার করেন, তিনি আদালত থেকে বিভিন্ন মামলার কপি বা ছবি সংগ্রহ করে সেগুলো প্রিন্ট করতেন। এরপর মামলার বাদী-বিবাদীদের বাড়িতে গিয়ে মামলা জিতিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা নিতেন।

পরে স্থানীয়রা কসবা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মোহাম্মদ রাশেদ বলেন, ‘রোববার বিকেলে শ্যামবাড়ী গ্রামে পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে স্থানীয়রা শরীফ উদ্দিন রেজভী নামে এক যুবককে আটক করেন। খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

সান নিউজ/ রাব্বি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা