সড়ক নিরাপত্তা নিশ্চিত ও পরিবহন শ্রমিকদের চোখের স্বাস্থ্য সুরক্ষায় কুড়িগ্রামের উলিপুরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চশমা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উলিপুর পৌর কেন্দ্রীয় বাস টার্মিনালে আন্তর্জাতিক সেবা সংস্থা ভিশনস্প্রিং-এর সার্বিক সহায়তায় এবং উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই বিশেষ চক্ষু সেবা ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে আগত চালক ও পরিবহন শ্রমিকদের অভিজ্ঞ অপটোমেট্রিস্ট দ্বারা চোখ পরীক্ষা, রক্তচাপ নির্ণয়, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান এবং প্রয়োজন অনুযায়ী সম্পূর্ণ বিনামূল্যে চশমা বিতরণ করা হয়। সেবা গ্রহণের জন্য শ্রমিকদের ড্রাইভিং লাইসেন্স ও শ্রমিক কার্ড সঙ্গে আনতে বলা হয়। নামমাত্র ৫০ টাকা রেজিস্ট্রেশন ফি-তে এই সেবা প্রদান করা হয়।
ক্যাম্প পরিচালনা করেন ভিশন অ্যাক্সেস প্রোগ্রামসের রিফ্রাকশনিস্ট অপু সরকার, সিনিয়র ক্যাম্প কাউন্সেলর মোঃ রাহাত মিয়া এবং ক্যাম্প রেজিস্ট্রার আরিফুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হামিদুর রহমান লিটন ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সাজু সহ শ্রমিক ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, পরিবহন শ্রমিকদের দীর্ঘক্ষণ গাড়ি চালানোর কারণে চোখের সমস্যা বাড়ছে, যা সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। এই ঝুঁকি কমাতে ভিশনস্প্রিং দেশব্যাপী পরিবহন শ্রমিকদের মাঝে এই সচেতনতামূলক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে। শ্রমিকরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
সাননিউজ/বান্না