অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা নিজের কাছে না রেখে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়েছেন চালক মো. শরীফ ইসলাম। ট্রাফিক পুলিশের সহযোগিতায় ব্যাগটি ফেরত দিয়ে সততা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।
সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টার দিকে মুন্সীগঞ্জের রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া মোড়ে অটোরিকশা থেকে নামার সময় অসাবধানতাবশত টাকাসহ ব্যাগ ফেলে যান টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল গ্রামের বাসিন্দা মিলন বালা।
পরে ব্যাগটি দেখতে পেয়ে মালিককে খুঁজতে থাকেন শরীফ। সন্ধান না পেয়ে তিনি মুক্তারপুরে ট্রাফিকের দায়িত্বে থাকা সহকারী ট্রাফিক উপপরিদর্শক (এটিএসআই) হাবিবুর রহমানকে বিষয়টি জানান। পরে জেলা পুলিশের সহায়তায় ব্যাগের প্রকৃত মালিককে শনাক্ত করা হয়।
প্রয়োজনীয় প্রমাণ যাচাই শেষে মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম, মিলন বালার হাতে টাকাসহ ব্যাগটি বুঝিয়ে দেন। সোমবার দুপুরে মুন্সীগঞ্জ জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
হারানো ব্যাগ অক্ষত অবস্থায় ফিরে পেয়ে অটোরিকশাচালক শরীফ ইসলাম ও ট্রাফিক পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মিলন বালা। তবে ব্যাগে কত টাকা ছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
শরীফ ইসলামের এই উদ্যোগ মনে করিয়ে দেয়, সততা কেবল কথার বিষয় নয়, কাজের মধ্য দিয়েই তার প্রকৃত পরিচয় প্রকাশ পায়। নিজের স্বার্থের চেয়ে অন্যের সম্পদের প্রতি দায়িত্ববোধকে গুরুত্ব দিয়ে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা সমাজে পারস্পরিক আস্থা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করবে।
সাননিউজ/বান্না