মুন্সীগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৭৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে আজ পর্যন্ত জেলায় মোট ১ হাজার ৩৯০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে এ সময়ে জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
সিভিল সার্জন ডা. সাজেদা বেগম বলেন, ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি আরও বলেন, জ্বর হলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিশেষ করে জ্বরের সঙ্গে শরীর ব্যথা, মাথাব্যথা, বমি বা দুর্বলতার মতো উপসর্গ দেখা দিলে প্রয়োজনীয় পরীক্ষা করানো জরুরি। পাশাপাশি চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ না খাওয়ার পরামর্শ দেন তিনি।
জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংসে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।
সান নিউজ/ জামান