মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারের প্রধান সড়কটির বেহাল দশা নিয়ে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে। প্রায় ৫ বছরের বেশি সময় আগে সংস্কারকাজ শুরু হলেও, এখন কাজ শেষ না হওয়ায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের। এ ঘটনায় পৌরসভার চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও পরিকল্পনা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, হাটলক্ষীগঞ্জ প্রবেশদ্বারে ইসলামী ব্যাংকের সামনে থেকে পূর্ব দিকে প্রায় আধা কিলোমিটার সড়কের বিভিন্ন অংশ ভাঙাচোরা। কোথাও খানাখন্দ, কোথাও ড্রেনের পানি ও জলাবদ্ধতা। ফলে পথচারী ও যানবাহন চলাচলে সৃষ্টি হচ্ছে চরম ভোগান্তি। বৃষ্টির সময় পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা বলেন, পৌর প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এলাকাবাসীর নিজস্ব অর্থায়নে সড়কটির সংস্কারকাজ শুরু করা হয়েছিল। কিন্তু দীর্ঘ ২২ মাসেও কাজ শেষ না হওয়ায় মানুষের দুর্ভোগ কমেনি। নারী, শিশু, শিক্ষার্থী, বয়স্ক ও গর্ভবতী নারীদের চলাচলে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে।
তাদের অভিযোগ, পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড চললেও ৩ নম্বর ওয়ার্ডের অনেক সড়ক ও অবকাঠামো দীর্ঘদিন ধরে অবহেলিত। বিশেষ করে হাটলক্ষীগঞ্জের মতো জনবহুল ও দর্শনার্থীদের অন্যতম গন্তব্যের প্রবেশপথের সড়কটির এমন বেহাল দশা, পৌরসভার উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।
স্থানীয় বাসিন্দা ফারুক জমিদার ক্ষোভ প্রকাশ করে বলেন, ২২ মাস ধরে একটি সড়কের কাজ শেষ না হওয়া দুঃখজনক। আমরা চাই না প্রতিশ্রুতি, চাই দ্রুত কাজ শেষ করে মানুষের চলাচলের ব্যবস্থা করা হোক। তা নাহলে পৌরকর দেয়া বন্ধ করবো।
স্হানীয় মো. সাইদুর রহমান সাইদ বলেন, পৌরসভা শুধু নতুন প্রকল্প নেওয়ার দিকে না গিয়ে অসম্পূর্ণ ও জরুরি কাজগুলো আগে শেষ করুক। পাশাপাশি ৩ নম্বর ওয়ার্ডের সামগ্রিক উন্নয়নে কার্যকর পরিকল্পনা গ্রহণ করে সড়ক, ড্রেনেজ ও জলাবদ্ধতার সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি।
এ বিষয়ে মুন্সীগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুর ইসলাম বলেন, ওই সড়কটি টেন্ডার হয়েছে। একটু সময় লাগবে,খুব শিগগিরই কাজ শুরু হবে।
স্থানীয়দের প্রশ্ন, জনগণের দুর্ভোগ দূর করতে নেওয়া উন্নয়নকাজ যদি বছরের পর বছর অসম্পূর্ণ থাকে, তাহলে এসব প্রকল্পের সুফল মানুষ কবে পাবে? দ্রুত সড়কটির সংস্কারকাজ শেষ করে জনদুর্ভোগ নিরসনে পৌর কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ চান তারা।
সান নিউজ/ জামান