বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৮ অক্টোবর) সকালে ন্যাশনাল স্ট্যান্ডার্ড প্রদান অনুষ্ঠান-২০২৬-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই বাংলাদেশের সেনাবাহিনীর জন্ম। মুক্তিযুদ্ধে সেনাবাহিনীর ঐতিহাসিক ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদান গৌরবোজ্জ্বল।
তিনি আরও বলেন, সেনাবাহিনীর প্রকৃত শক্তি শুধু অস্ত্র বা জনবলে নয়; বরং শৃঙ্খলা, দক্ষতা, নেতৃত্ব, নৈতিকতা ও জনগণের আস্থার মধ্যে নিহিত। আধুনিক ও পেশাদার সশস্ত্র বাহিনী গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী জানান, পরিবর্তিত বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে সেনাবাহিনীকে প্রযুক্তিনির্ভর ও আধুনিক করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা এবং সেনাসদস্যদের কল্যাণ নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
সান নিউজ/ রাব্বি