জাতীয়
জ্বালানি মন্ত্রণালয়ের স্থায়ী কমিটি

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে মন্ত্রণালয়ের কার্যক্রম, বাজেট বরাদ্দ, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি এবং দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত উৎপাদন পরিস্থিতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে যুক্ত হওয়া বিদ্যুতের পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করেছে কমিটি।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

বৈঠকে কমিটির সদস্য ও মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, মোহাম্মদ কয়ছর আহমেদ, রফিকুল ইসলাম হিলালী, এস এম জাহাঙ্গীর হোসেন, নায়াব ইউসুফ আহমেদ, মমতাজ আলো, মোহাম্মদ নাজিবুর রহমান এবং মো. আবুল হাসনাত অংশ নেন।

বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়। এরপর কমিটির সভাপতি ও সদস্যদের সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের উপস্থিত কর্মকর্তাদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।

বিদ্যুৎ বিভাগের ৪১ উন্নয়ন প্রকল্প

বৈঠকে ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বিদ্যুৎ বিভাগের অধীনে চলমান ৪১টি উন্নয়ন প্রকল্পের অর্থায়ন পরিস্থিতি তুলে ধরা হয়।

উপস্থাপিত তথ্যানুযায়ী, এসব প্রকল্পে প্রকল্প সাহায্য হিসেবে ১০ হাজার ৬৫৩ কোটি টাকা, সরকারি অর্থায়ন (জিওবি) থেকে ৪ হাজার ৭১ কোটি ৩৯ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ৩ হাজার ৩৮১ কোটি ৮০ লাখ টাকা বরাদ্দ রয়েছে।

বৈঠকে মন্ত্রণালয়ের সামগ্রিক কার্যক্রম ও বাজেট বরাদ্দ পর্যালোচনার পাশাপাশি উন্নয়ন প্রকল্পগুলোর অর্থায়ন এবং বিদ্যুৎ খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

সক্ষমতার তুলনায় কম বিদ্যুৎ উৎপাদন

বৈঠকে দেশের গ্যাস, কয়লা ও তরল জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলোর উৎপাদন সক্ষমতা এবং প্রকৃত উৎপাদনের তথ্য তুলে ধরা হয়।

উপস্থাপিত তথ্য অনুযায়ী, দেশে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ১২ হাজার ২২ মেগাওয়াট। এর বিপরীতে প্রকৃত উৎপাদন হচ্ছে ৪ হাজার থেকে ৫ হাজার মেগাওয়াট।

কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৬ হাজার ৯২৭ মেগাওয়াট হলেও প্রকৃত উৎপাদন ৫ হাজার থেকে ৬ হাজার মেগাওয়াট। অন্যদিকে, তরল জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৬ হাজার ৪০৯ মেগাওয়াট এবং প্রকৃত উৎপাদন ২ হাজার ৫০০ থেকে ৩ হাজার মেগাওয়াট।

বৈঠকে উপস্থাপিত এ পরিসংখ্যানে বিভিন্ন জ্বালানিভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের মোট উৎপাদন সক্ষমতা ও প্রকৃত উৎপাদনের মধ্যে ব্যবধানের চিত্র উঠে আসে।

ছাদভিত্তিক সৌরবিদ্যুতের উদ্বৃত্তের ইউনিট ১০ টাকা ৫০ পয়সা

বৈঠকে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা থেকে জাতীয় গ্রিডে সরবরাহ করা উদ্বৃত্ত বিদ্যুতের মূল্য নিয়েও আলোচনা হয়।

বৈঠকে জানানো হয়, ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারির মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনকারী গ্রাহকেরা ২০৩০ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত জাতীয় গ্রিডে সরবরাহ করা উদ্বৃত্ত বিদ্যুতের প্রতি ইউনিটের বিপরীতে ১০ টাকা ৫০ পয়সা পাবেন।

এ ছাড়া ছাদভিত্তিক সৌর প্যানেল থেকে উৎপাদিত বিদ্যুতের কতটুকু জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করেছে কমিটি। এর মাধ্যমে সৌরবিদ্যুৎ উৎপাদন ও গ্রিডে সরবরাহের প্রকৃত চিত্র সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।

পরবর্তী বৈঠকে প্রশ্নের উত্তর উপস্থাপনের সুপারিশ

বৈঠকে কমিটির পক্ষ থেকে কয়েকটি প্রশ্নসংবলিত লিখিত পেপার উপস্থাপন করা হয়। এসব প্রশ্নের উত্তরসহ প্রয়োজনীয় তথ্য পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য সুপারিশ করা হয়েছে।

বৈঠকে আরে উপস্থিত ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সাননিউজ/মোশাররফ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণে বোর্ডের তৃতীয় সভা সোমবার

গার্মেন্টস শিল্পে নিয়োজিত সকল শ্রেণির শ্রমিক ও কর্...

রূপপুরে পৌঁছাল রাশিয়ার ইউরেনিয়ামের চালান

রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের ষষ্ঠ চালান পাবন...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা