বিশ্ব যখন একের পর এক ভূরাজনৈতিক সংঘাত, অর্থনৈতিক অনিশ্চয়তা এবং প্রযুক্তিগত প্রতিযোগিতার মধ্য দিয়ে এগোচ্ছে, তখন জাতিসংঘও পড়েছে গভীর অভ্যন্তরীণ সংকটে। সংস্থাটির পরবর্তী মহাসচিব নির্বাচন ঘিরে নিরাপত্তা পরিষদের প্রভাবশালী দেশগুলোর মধ্যে মতভেদ এতটাই তীব্র হয়ে উঠেছে যে, সময়মতো নতুন নেতৃত্ব বেছে নেওয়া নিয়েই দেখা দিয়েছে প্রশ্ন।
বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের দায়িত্বের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ ডিসেম্বর। কিন্তু তার উত্তরসূরি নির্বাচনে এখনো কোনো ঐকমত্য তৈরি হয়নি। ফলে প্রথমবারের মতো জাতিসংঘ নতুন মহাসচিব ছাড়াই নতুন বছরে প্রবেশ করতে পারে বলে আশঙ্কা করছেন কূটনৈতিক বিশ্লেষকেরা।
জাতিসংঘ সদরদপ্তরে চলমান আলোচনা বলছে, মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া এবার আগের যেকোনো সময়ের তুলনায় বেশি জটিল হয়ে উঠেছে। কারণ, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা নিজেদের ভূরাজনৈতিক অবস্থান থেকে প্রার্থী বাছাইয়ের হিসাব-নিকাশ করছেন। ফলে যোগ্যতার পাশাপাশি আন্তর্জাতিক শক্তির ভারসাম্যও বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে।
নির্বাচনী দৌড়ে এখন পর্যন্ত সবচেয়ে এগিয়ে রয়েছেন কোস্টারিকার সাবেক ভাইস প্রেসিডেন্ট রেবেকা গ্রিনস্প্যান। একাধিক অনানুষ্ঠানিক ভোটাভুটিতে তিনি অন্যদের তুলনায় বেশি সমর্থন পেয়েছেন। উন্নয়ন ও বাণিজ্য বিষয়ে দীর্ঘ অভিজ্ঞতা থাকায় অনেক দেশ তাকে সম্ভাব্য শক্তিশালী প্রার্থী হিসেবে দেখছে। তবে তার বিজয়ের পথও মসৃণ নয়। নিরাপত্তা পরিষদের যেকোনো স্থায়ী সদস্যের ভেটোই তার সম্ভাবনাকে থামিয়ে দিতে পারে।
কূটনৈতিক মহলে ধারণা, বর্তমান অচলাবস্থার অন্যতম কারণ হচ্ছে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের মধ্যে ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বিতা। ইউক্রেন যুদ্ধ, গাজা সংকট এবং সুদানের সংঘাতের মতো ইস্যুতে এই দেশগুলো বারবার মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। সেই বিভক্তির ছাপ এখন জাতিসংঘের সর্বোচ্চ পদ নির্বাচনেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
বিশ্লেষকদের মতে, পরাশক্তিগুলোর মধ্যে সমন্বয়ের অভাব শুধু সিদ্ধান্ত গ্রহণকে কঠিন করছে না, বরং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কার্যকারিতা নিয়েও নতুন প্রশ্ন তুলে দিচ্ছে। নতুন মহাসচিব নির্বাচন যেন বিশ্ব রাজনীতির ক্ষমতার লড়াইয়ের আরেকটি ক্ষেত্র হয়ে উঠেছে।
এদিকে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসন জাতিসংঘ সংস্কারের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে। ওয়াশিংটনের মতে, সংস্থাটিকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করতে কাঠামোগত পরিবর্তন প্রয়োজন। তবে অনেক কূটনীতিক মনে করেন, এই সংস্কার বিতর্কও মহাসচিব নির্বাচনকে আরও জটিল করে তুলেছে। কারণ, সম্ভাব্য প্রার্থীদের অবস্থান ও দৃষ্টিভঙ্গি এখন বড় শক্তিগুলোর সমর্থন পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
রেবেকা গ্রিনস্প্যানকে জাতিসংঘ ব্যবস্থার অভ্যন্তরীণ ও অভিজ্ঞ মুখ হিসেবে দেখা হলেও তার প্রতি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার অনীহা রয়েছে বলে কূটনৈতিক মহলে আলোচনা রয়েছে। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের লানা নুসেইবেহকে কিছু মহল বিকল্প প্রার্থী হিসেবে বিবেচনা করলেও এখনো তার পক্ষে জোরালো আন্তর্জাতিক সমর্থন গড়ে ওঠেনি।
পর্যবেক্ষকদের মতে, রাজনৈতিক বিভাজনের পাশাপাশি আর্থিক ও প্রশাসনিক চাপও জাতিসংঘের নেতৃত্ব নির্বাচনকে প্রভাবিত করছে। ফলে অতীতের তুলনায় মহাসচিবের দায়িত্ব অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। এতে অভিজ্ঞ ও গ্রহণযোগ্য নেতৃত্ব খুঁজে পাওয়া যেমন কঠিন হচ্ছে, তেমনি ঐকমত্য গড়াও হচ্ছে ধীরগতির।
তবে চলমান অনিশ্চয়তার মধ্যেও একটি বিষয়ে বহু দেশের মধ্যে উল্লেখযোগ্য ঐক্যমত দেখা গেছে। সেটি হলো, ৮১ বছরের ইতিহাসে এবার একজন নারীকে জাতিসংঘের মহাসচিব হিসেবে দেখতে চায় বিশ্বের বড় অংশের সদস্য রাষ্ট্র। সেই বিবেচনায় রেবেকা গ্রিনস্প্যান ও লানা নুসেইবেহ দুজনই বিশেষ গুরুত্ব পাচ্ছেন।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যরা এখন পর্দার আড়ালে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছেন। সময় ফুরিয়ে আসায় রাজনৈতিক চাপও বাড়ছে। আগামী কয়েক সপ্তাহে কোনো সমঝোতা না হলে জাতিসংঘ এমন এক পরিস্থিতির মুখোমুখি হতে পারে, যা এর ইতিহাসে আগে কখনো দেখা যায়নি।
সান নিউজ / রাজীব